সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

এটাই ইরানের জন্য এবার ‘শেষ সুযোগ’ : ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৭:৫৪ পিএম

এটাই ইরানের জন্য এবার ‘শেষ সুযোগ’ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত চরম উত্তেজনার পর্যায়ে রয়েছে। এরমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য তেহরানের সামনে এটাই ‘শেষ সুযোগ’। অন্যথায় ইরানের বেসামরিক অবকাঠামোসহ পুরো দেশ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ‘একই ভুল’ পুনরায় করবেন না। ২০১৫ সালে ওবামা প্রশাসনের করা ইরানের সঙ্গে পরমাণু চুক্তির সমালোচনা করে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।ট্রাম্প বলেন, ‘যদি ইরান এই চুক্তিতে স্বাক্ষর না করে, তবে পুরো দেশটি উড়িয়ে দেওয়া হবে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে গতকাল শনিবার (১৮ এপ্রিল) হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি তারা যুক্তরাষ্ট্রের দেওয়া চুক্তি গ্রহণ না করে, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও প্রতিটি সেতু ধ্বংস করে দেবে।’
চরম উত্তেজনার মধ্যেই ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার জন্য মার্কিন আলোচকরা সোমবার (১৯ এপ্রিল) পাকিস্তানে যাবেন। তবে ইসলামাবাদে অনুষ্ঠেয় এই গুরুত্বপূর্ণ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন কোন কর্মকর্তা অংশ নেবেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। প্রথম দফার আলোচনার নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কার্যালয় থেকেও এই বার্তার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!