বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

এবার হরমুজ প্রণালিতে ২ সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৩:০৫ পিএম

এবার হরমুজ প্রণালিতে ২ সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

ডেইলি খবর ডেস্ক: হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের অভিযোগে দুই বিশাল তেলবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। জাহাজ দুটিতে সম্মিলিতভাবে ৪০ লাখ ব্যারেলের বেশি তেল ছিল বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, আগের রাতে হরমুজ প্রণালির দক্ষিণ দিকের একটি অননুমোদিত নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করে জাহাজ দুটি। এ সময় প্রণালির ট্রাফিক নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে একাধিকবার সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করে।

বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের পর সুপারট্যাংকার দুটি চলাচল বন্ধ হয়ে যায় এবং বর্তমানে সেগুলোতে আগুন জ্বলছে। মার্কিন সামরিক বাহিনীর ওপর আস্থা রাখার কারণেই জাহাজ দুটি এ পরিস্থিতির মুখে পড়েছে বলে দাবি করেছে আইআরজিসি।সংগৃহীত ছবি

একই সঙ্গে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে চলাচলকারী অন্য জাহাজগুলোকেও সতর্ক করেছে ইরানের এই বাহিনী। আইআরজিসি বলেছে, কোনো জাহাজ নৌ-চলাচল শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে মার্কিন বাহিনীর সহযোগিতায় অননুমোদিত দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে একই পরিণতির মুখে পড়তে হবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!