মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ইরান যুদ্ধ ‘কার্যত শেষ’, তবে হামলার জন্য প্রস্তুত মার্বিন যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৯:৪৮ এএম

ইরান যুদ্ধ ‘কার্যত শেষ’, তবে হামলার জন্য প্রস্তুত মার্বিন যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ সামরিকভাবে ‘কার্যত শেষ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরিবর্তন হলে আবারও হামলা চালানোর জন্য মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার খবরকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়ে যুদ্ধ বন্ধে তেহরানের সাতটি শর্ত মেনে নেওয়ার দাবি জানিয়েছেন ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি।

সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি।’তবে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ‘অপারেশন আয়রন গেট’ অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে গেলে মার্কিন বাহিনী ‘প্রস্তুত ও সশস্ত্র’ অবস্থায় রয়েছে বলেও সতর্ক করেন তিনি। তবে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেন।ট্রাম্পের দাবি, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ ইরানের প্রতিবেশী দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, তেহরান মেনে নিয়েছে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তবে বিষয়টি প্রকাশ্যে স্বীকার করছে না। ট্রাম্পের ভাষায়, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন না করার বিষয়টি কোনোভাবেই আলোচনার সুযোগ নেই।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরকে প্রত্যাখ্যান করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি করা বন্ধ করুন।’

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতিমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। ওয়াশিংটন এখন মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে। পশ্চিম এশিয়ায় নতুন আঞ্চলিক বাস্তবতা মেনে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।তবে ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক এবং মধ্যস্থতাকারীদের তৎপরতা থেকে বোঝা যাচ্ছে, কূটনৈতিক উদ্যোগ এখনো চলছে।

যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণ’ করার আহ্বান মোহসেন রেজায়ির-হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী আল থানি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার অগ্রগতি এবং কূটনীতির জন্য আরও সময় দেওয়ার বিষয়ে আলোচনা করেন।বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, চুক্তিতে পৌঁছানো এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী এবং আলোচনার সুযোগ দিতে চান। তবে তেহরান আন্তরিকভাবে আলোচনায় অংশ না নিলে তিনি অবস্থান পরিবর্তন করতে পারেন। আলোচনার বিষয়ে অবহিত এক কূটনীতিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সমঝোতার প্রস্তাবে দুই পক্ষের পারস্পরিক কিছু পদক্ষেপের কথা রয়েছে। আলোচনাধীন দুই দিনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম দিনে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের জব্দ করা কিছু সম্পদ ছাড়ের কথা রয়েছে। এর বিনিময়ে ইরান যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে।

দ্বিতীয় দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা রয়েছে। এরপর উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতসহ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার জানিয়েছেন, প্রস্তাবটির বিষয়ে ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। এ প্রস্তাবে সব রণাঙ্গনে শত্রুতা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

তবে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মনে করেন না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার তিনি বলেন, পরোক্ষ আলোচনায় খুব বেশি অগ্রগতি হয়নি। ইরানের কিছু দাবি অবাস্তব বলেও মন্তব্য করেন তিনি।রুবিও বলেন, ‘আমরা কোনো বড় অগ্রগতির দ্বারপ্রান্তে রয়েছি, এমনটা আমি বলব না।’ ট্রাম্প কূটনৈতিক সমাধান চান, তবে সব সময় তা সম্ভব হয় না বলেও উল্লেখ করেন তিনি।

ইরান যুদ্ধের দায়ে পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব- এদিকে তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম তুর্কিয়ে জানিয়েছে, আগামী সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের মোহসেন রেজায়ির বৈঠক হওয়ার কথা রয়েছে।

আঙ্কারায় এক সম্মেলনে কালিন বলেন, দোহায় এ বৈঠক হলে আলোচনায় অগ্রগতির সুযোগ তৈরি হতে পারে। তবে সমঝোতা না হলে ইরানে যুক্তরাষ্ট্রের আরেক দফা হামলার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন তিনি।কালিন জানান, তুরস্কসহ আঞ্চলিক মধ্যস্থতাকারীরা সাত দফার একটি সমঝোতা নিয়ে কাজ করছেন। এতে নিষেধাজ্ঞা শিথিল, জব্দ করা ইরানি সম্পদ মুক্তি, পারমাণবিক কর্মসূচি নিয়ে অঙ্গীকার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়গুলো রয়েছে।তাঁর মতে, আলোচনার প্রধান জটিলতা হলো প্রথম পদক্ষেপ কে নেবে, তা নিয়ে দুই পক্ষের মতপার্থক্য।

সব মিলিয়ে ট্রাম্পের সামরিকভাবে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা, ইরানের কঠোর অবস্থান এবং মধ্যস্থতাকারীদের নতুন উদ্যোগ—তিনটি বিষয়ই এখন আলোচনার কেন্দ্রে। সমঝোতা না হলে আবারও সামরিক সংঘাত শুরু হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!