শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সকে চান ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬, ০৯:০৪ পিএম

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সকে চান ট্রাম্প

ডেইলি খবর আন্তর্জাতিক ডেস্ক: ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে জয়ী দেখতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যক্তিগত এক বৈঠকে দাতাদের কাছে এমন ইচ্ছার কথা তিনি জানিয়েছেন বলে দাবি করেছে প্রভাববশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। যদিও প্রকাশ্যে এখনও কোনও উত্তরসূরির নাম ঘোষণা করেননি ট্রাম্প।

ওয়াশিংটন পোস্ট বলছে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সমর্থনের ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে ওভাল অফিসে দাতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘দিন শেষে আমাদের জেডিকেই নির্বাচিত করতে হবে।’

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত এক বছরে ট্রাম্প প্রকাশ্যে যে অবস্থান নিয়েছিলেন, এ মন্তব্য তার থেকে ভিন্ন। এ সময়জুড়ে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে প্রতিযোগিতাকে উৎসাহ দিয়েছেন।

ট্রাম্প দুজনেরই প্রশংসা করেছেন। এমনকি তারা একসঙ্গে নির্বাচন করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। তবে নিজের পছন্দের উত্তরসূরি হিসেবে কারও নাম প্রকাশ্যে বলেননি। প্রতিবেদনে আরও বলা হয়, দাতাদের কাছে ভ্যান্সের প্রতি সমর্থনের কথা বললেও ট্রাম্প এখনও উপদেষ্টাদের দিয়ে ভ্যান্স ও রুবিওর তুলনামূলক মূল্যায়ন করাচ্ছেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, গত মাসের শেষ দিকে মেরিন ওয়ান হেলিকপ্টারে ভ্রমণের সময়ও ট্রাম্প দুই নেতাকে নিয়ে তার কর্মকর্তাদের মতামত জানতে চেয়েছিলেন।

ট্রাম্পের এক উপদেষ্টা দাবি করেছেন, প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে, তার পর রিপাবলিকান পার্টির নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স। তবে ভ্যান্স কবে প্রার্থিতা ঘোষণা করবেন বা ট্রাম্প কবে প্রকাশ্যে তাকে সমর্থন দেবেন, তা বলার সময় এখনও আসেনি।

তবে ট্রাম্পের আরও ছয়জন ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা মনে করেন, ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তাদের ভাষ্য, তিনি প্রায়ই ভিন্ন ভিন্ন ব্যক্তিকে ভিন্ন কথা বলেন। তাই ভবিষ্যতে তার সিদ্ধান্ত বদলাতেও পারে।

এক কর্মকর্তা বলেন, ‘এখনই নিশ্চিত ধরে নেয়া ঠিক হবে না। যারা এমনটা ভাবছেন, তারা হয় অনেক বেশি আগেভাগেই সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন, নয়তো প্রেসিডেন্টকে ভালোভাবে চেনেন না।’

জেডি ভ্যান্সও এখনও তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার ঘোষণা দেননি। তার সঙ্গে কথা বলেছেন—এমন কয়েকজনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্স এখনও সিদ্ধান্ত নেননি। তার ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, ১৯ জুলাই জন্ম নেয়া চতুর্থ সন্তানের জন্মের পর কিছুটা সময় নিয়ে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।চড়ষরঃরপং

আরেক উপদেষ্টা জানিয়েছেন, ট্রাম্প এখনও চান, ভবিষ্যতে জেডি ভ্যান্সের সঙ্গে একই টিকিটে মার্কো রুবিওও থাকুন। তিনি প্রায়ই রুবিওর প্রশংসা করেন। তবে ভ্যান্সের রানিং মেট হওয়ার প্রস্তাব রুবিও গ্রহণ করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!