ডেইলি খবর ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্তগুলো মেনে নিলেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার দাবি, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইরানের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে। তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে সরিয়ে নেওয়ার প্রস্তাবে আপত্তি জানিয়েছে তেহরান।
শনিবার (২১ নভেম্বর) ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আরাগচি। তিনি জানান, হরমুজ প্রণালি চালু করা অসম্ভব কোনো বিষয় নয়। যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেই এ নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক করার সুযোগ তৈরি হবে।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর মধ্যেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালিতে আরও দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এ নিয়ে মোট ৫৮টি মার্কিন ড্রোন ধ্বংসের দাবি করল ইরানি বাহিনী।
অন্যদিকে, নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতেও তৎপর রয়েছে তেহরান। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনায় কয়েক শ ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযন্ত্র দেখা গেছে। ভিডিওতে প্রথমবারের মতো আইআরজিসির শীর্ষ সামরিক কর্মকর্তাদেরও উপস্থিতি দেখা যায়।
এ ছাড়া বাহরাইনে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে আইআরজিসি। তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে একটি বেসামরিক বাণিজ্যিক স্থাপনায় হামলার অভিযোগ তুলেছে।
এদিকে, পারস্য উপসাগরীয় অঞ্চলে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে আঘাত হানার দাবিও করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর ভাষ্য, ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তবে ইরানের এ দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।সব মিলিয়ে হরমুজ প্রণালি ঘিরে দুই দেশের বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক জাহাজ চলাচল ফিরিয়ে আনার বিষয়টি এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সংগৃহীত ছবি, সূত্র: মিডল ইস্ট মনিট

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :