সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত,আহত ৩০৯

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৯:০৩ এএম

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত,আহত ৩০৯

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।

নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি নাগরিক। এ ছাড়া বাংলাদেশি দুজন, ফিলিস্তিনি একজন, যুক্তরাষ্ট্রের একজন, মিশরের একজন, জর্ডানের একজন, সিরিয়ার একজন ও সুদানের একজন নাগরিকও প্রাণ হারিয়েছেন।

সাময়িকভাবে বন্ধ রিয়াদ বিমানবন্দর
শনিবার এ হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

প্লেন চলাচলবিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রিয়াদ বিমানবন্দরের অন্তত ২৯১টি ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে এয়ার ইন্ডিয়া, ফ্লাইদুবাই, লুফথানসা গ্রুপ ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসসহ কয়েকটি বিমান সংস্থা রিয়াদ ও সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করেছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

সৌদি বিমানবন্দরে ধারাবাহিক হামলা
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের বিভিন্ন এলাকায় হামলা বাড়িয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রিয়াদ ছাড়াও আভা, খামিস মুশাইত, জিজান ও নাজরান এলাকায় হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরে হামলায় সৌদি আরবের জাতীয় এয়ারলাইন সৌদিয়ার একজন পাইলটসহ তিনজন নিহত হন। এর আগের দিন একই বিমানবন্দরে হামলায় সুদানের এক ব্যক্তি নিহত হন।

আভা আন্তর্জাতিক বিমানবন্দরেও কয়েক দফা হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব হামলায় বিদেশি নাগরিকসহ বহু মানুষ আহত হয়েছেন।

হামলার কারণে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল ও যাত্রী পরিবহনব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংগৃহীত ছবি. সূত্র: আরব নিউজ
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!