ডেইলি খবর ডেস্ক: ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে দীর্ঘ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৭ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কানের’ এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার মধ্যকার এই ফোনালাপ প্রায় আধঘণ্টারও বেশি সময় ধরে চলে।
প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেই ইরানের সঙ্গে পুনরায় পুরোদমে সংঘাত বা যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে দুই দেশের শীর্ষ নেতা বিস্তারিত আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই আলোচনাকে অত্যন্ত সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
ফোনালাপে ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক কৌশলের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক তিন দিনের বেইজিং সফর নিয়েও নেতানিয়াহুকে ব্রিফ করেন। চীন সফরের সময় বেইজিং প্রশাসন ও তেহরানের জ্বালানি বা তেল কূটনীতি নিয়ে ট্রাম্পের কী ধরনের আলোচনা হয়েছে, তার একটি খতিয়ান তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানান।
এদিকে তেহরানে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের মাটিতে সামরিক হামলার নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থনের মাধ্যমে দেশের অভ্যন্তরে নজিরবিহীন নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়া। তবে তাদের সেই অশুভ পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার পেছনে ইরানের প্রতিবেশী দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে। ফাইল ছবি,সূত্র : আলজাজিরা।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :