রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ওমান উপসাগরে ডুবে গেছে ইরানি তেলবাহী ট্যাংকার, দাবি যুক্তরাষ্ট্রের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১০:১৭ এএম

ওমান উপসাগরে ডুবে গেছে ইরানি তেলবাহী ট্যাংকার, দাবি যুক্তরাষ্ট্রের

ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্যের ওমান উপসাগরে ইরানের একটি তেলবাহী ট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ‘এম/টি কাইলো’ নামের ওই ট্যাংকারটি ডুবে গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড।

সেন্টকম এক পোস্টে লিখেছে, মার্কিন সেনাসদস্যদের ‘নির্ভুলতা ও পেশাদারিত্বের’ কারণে শনিবার ট্যাংকারটি ওমান উপসাগরে ডুবে যায়। এ সময় ট্যাংকারটিতে আগুন জ্বলতে দেখা যায় এমন একটি ভিডিও প্রকাশ করেছে তারা।

এর আগে সেন্টকম জানিয়েছিল, দুটি মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শনিবার তিনটি ইরানি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

তবে ‘এম/টি কাইলো’ কীভাবে ডুবে গেছে এবং জাহাজটিতে থাকা ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি সেন্টকম। এ দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র : মিডলইস্ট আই

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!