আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তনাষ্ট্র-ইরান যুদ্ধ নিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনার মধ্যেও ‘সব ধরনের পরিস্থিতির’ জন্য প্রস্তুত রয়েছে ইরান-এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইসলামাবাদে গত সপ্তাহের আলোচনা ব্যর্থ হওয়ার পর বুধবার (১৫ এপ্রিল) পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের তেহরান সফরকে কেন্দ্র করে পারমাণবিক ইস্যুতে বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া যাচ্ছে।
সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র ফেলো আবাস আসলানি আল জাজিরাকে জানান, যুক্তরাষ্ট্রের সদিচ্ছা থাকলে পারমাণবিক ইস্যুর সমাধান সম্ভব বলেই বিশ্বাস করে ইরান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই কোনো চুক্তিতে পৌঁছাতে চায়, তবে তেহরান স্বচ্ছতা বজায় রাখতে তৈরি। তাই এই খাতে অগ্রগতির খবর আসা অবাক হওয়ার মতো কিছু নয়।
আলোচনায় কিছুটা অগ্রগতির খবর পাওয়া গেলেও তেহরান এখনও পুরোপুরি আশাবাদী হতে পারছে না। এর প্রধান কারণ হিসেবে নতুন করে ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধকে দায়ী করছেন বিশ্লেষকরা। আবাস আসলানি বলেন, দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস রয়ে গেছে। যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রেখেছে।
ইরানের বর্তমান অবস্থান ব্যাখ্যা করে এই বিশ্লেষক আরও জানান, তেহরান এখন দ্বি-মুখী প্রস্তুতির ওপর জোর দিচ্ছে। একদিকে যেমন আলোচনার মাধ্যমে সংকট উত্তরণের পথ খোলা রাখা হয়েছে। অন্যদিকে ওয়াশিংটনের বৈরী আচরণের প্রেক্ষিতে পুনরায় সামরিক সংঘাত শুরু হওয়ার সম্ভাবনাকেও নাকচ করছে না তারা।
উল্লেখ্য, আগামী বুধবার (২২ এপ্রিল) বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে।তার আগেই পাকিস্তানের সেনাপ্রধানের এই মধ্যস্থতা কোনো স্থায়ী সমাধান আনে কি না,তা নিয়ে কৌতূহল বাড়ছে। তবে ইরানের সাফ কথা—তারা আলোচনার টেবিলে যেমন বসতে পারে, তেমনি প্রয়োজনে রণক্ষেত্রে ফিরে যেতেও দ্বিধা করবে না। ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :