শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ইরানকে ধন্যবাদ, তবে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে : ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৯:১৯ পিএম

ইরানকে ধন্যবাদ, তবে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেছেন, একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে। খবর বার্তা সংস্থা এএফপির।
ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লেখেন, ‘ধন্যবাদ!’। তিনি আরও লেখেন, ইরান ঘোষণা করেছে সংকীর্ণ জলপথটি (হরমুজ প্রণালি) ‘সম্পূর্ণ উন্মুক্ত এবং চলাচলের জন্য প্রস্তুত’।
কয়েক মিনিট পর আরেক পোস্টে ট্রাম্প বলেন, ‘শুধু ইরানের ওপর নৌ-অবরোধটি পূর্ণ শক্তিতে এবং কার্যকরভাবে বলবৎ থাকবে, যতক্ষণ না দেশটির সঙ্গে আমাদের আলোচনা শতভাগ সম্পন্ন হচ্ছে।’
ট্রাম্প আরও লেখেন, ‘এই প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন হওয়া উচিত, কারণ বেশিরভাগ বিষয় নিয়েই ইতোমধ্যে আলোচনা হয়ে গেছে।’
ট্রাম্প গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি ‘খুব কাছাকাছি’। তবে গত সপ্তাহে পাকিস্তানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে অনুষ্ঠিত আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ শুক্রবার ঘোষণা করেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি যতদিন স্থায়ী থাকবে, তেল ও অন্যান্য পণ্যের বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যাবশ্যক হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ থাকবে।তবে লেবানন ও ইসরায়েলের মধ্যে আজ থেকে কার্যকর হওয়া ১০ দিনের যুদ্ধবিরতির কথা নাকি ৮ এপ্রিল থেকে শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির কথা আব্বাস আরাঘচি বলেছেন, তা স্পষ্ট নয়।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!