শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ইরান যুদ্ধ ছোট পথ-বিচ্যুতি- ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১১:২০ এএম

ইরান যুদ্ধ ছোট পথ-বিচ্যুতি- ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধকে তার দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় একটি ‘ছোট পথ-বিচ্যুতি’ হিসেবে অভিহিত করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নেভাদার লাস ভেগাসে এক রাজনৈতিক সভায় ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।তবে সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে, এই যুদ্ধ মার্কিন জনগণের কাছে ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে।
গত বছর পাস হওয়া কর সংস্কার বিলের ‘টিপসের ওপর করমুক্ত’ সুবিধার প্রচারণায় আয়োজিত এই সভায় ৭৯ বছর বয়সী ট্রাম্প গতবছর পুনরায় ক্ষমতায় আসার পর তার অর্থনৈতিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, আমার প্রথম মেয়াদে আমাদের অর্থনীতি ছিল ইতিহাসের সেরা। আর এখন আমরা তাকেও ছাড়িয়ে যাচ্ছি। যদিও ইরানের মতো সুন্দর দেশে আমাদের একটু পথ-বিচ্যুতি বা মনোযোগ সরাতে হয়েছে।
ইরানের পারমাণবিক সক্ষমতার দিকে ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, আমাদের এটা করতেই হতো। অন্যথায় খুব খারাপ কিছু ঘটে যেতে পারতো, সত্যিই খুব খারাপ কিছু।তবে ট্রাম্প এই সংঘাতকে হালকাভাবে দেখানোর চেষ্টা করলেও জনমত জরিপ বলছে ভিন্ন কথা। 
আইপিএসওএসের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ৫১ শতাংশ মার্কিনি মনে করেন এই যুদ্ধ কোনোভাবেই এর ব্যয়ের তুলনায় সফল নয়। মাত্র ২৪ শতাংশ উত্তরদাতা যুদ্ধের পক্ষে সমর্থন জানিয়েছেন।
এছাড়া কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে, ৬৫ শতাংশ ভোটার হরমুজ প্রণালি বন্ধ হওয়া এবং এর ফলে জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির জন্য সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করছেন। জরিপ অনুযায়ী, ইরান পরিস্থিতি সামলাতে ট্রাম্পের ভূমিকার ওপর মাত্র ৩৬ শতাংশ ভোটার সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া ৫৮ শতাংশই তার কর্মপদ্ধতি নিয়ে চরম অসন্তোষ জানিয়েছেন। সূত্র : এএফপি
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!