শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৯:৩৪ পিএম

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক: এবার ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের শঙ্কা ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে এমন অবস্থান ব্যক্ত করলেন তিনি।
শুক্রবার (৬ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘এরপর একজন মহান ও গ্রহণযোগ্য নেতা (বা নেতৃবৃন্দ) নির্বাচনের পর, আমরা এবং আমাদের অনেক চমৎকার ও অত্যন্ত সাহসী মিত্র ও অংশীদাররা ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে ক্লান্তিহীনভাবে কাজ করব। দেশটিকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে আরও বড়, উন্নত এবং শক্তিশালী করে তুলব।’
‘ইরানের একটি দারুণ ভবিষ্যৎ থাকবে। মেক ইরান গ্রেট এগেইন’-যোগ করেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের আপাতত কোনো সীমা-পরিসীমা দেখছেন না বিশ্লেষকরা। আঞ্চলিক বা বৈশ্বিক শক্তিরা এখনো এই তিন দেশের মধ্যে যুদ্ধবিরতির কোনো প্রচেষ্টা শুরু করেছেন বলে নিশ্চিতভাবে জানা যায়নি।যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার বলেছেন, কয়েকটি দেশ মধ্যস্ততার চেষ্টা করছে। তবে সেসব দেশের নাম জানা যায়নি।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন ধরনের আলোচনা করতে রাজি নয়। তারা যুদ্ধবিরতিও চান না। পরপর দুইবার যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচির মধ্যে হামলা চালানোয় ইরান আর মার্কিনিদের বিশ্বাস করতে পারছে না বলে সাফ জানিয়ে দেন তিনি।সূত্র: সিএনএন

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!