রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ইরান যুদ্ধে মার্কিন বাহিনী এ পর্যন্ত ৭টি যুদ্ধবিমান হারিয়েছে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১১:৫৫ পিএম

ইরান যুদ্ধে মার্কিন বাহিনী এ পর্যন্ত ৭টি যুদ্ধবিমান হারিয়েছে

ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানে ভূপাতিত হওয়া যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ স্টিলথ ফাইটার জেটের একজন ক্রুর সন্ধানে মার্কিন বাহিনী এখনো তল্লাশি চালাচ্ছে। নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জানা গেছে। একজন মার্কিন কর্মকর্তার তথ্যমতে, এই যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত সাতটি মানববাহী বিমান হারিয়েছে। খবর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের।
গতকাল শুক্রবার (৩ এপ্রিল) আলাদা দুটি ঘটনায় মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ এবং একটি এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মাধ্যমে ইরান যুদ্ধে ধ্বংস হওয়া মার্কিন মানববাহী বিমানের সংখ্যা দাঁড়িয়েছে সাতে।
এছাড়া এর আগে মার্কিন বিমান বাহিনীর আরও পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত ও ক্ষতিগ্রস্ত হয়। এখানে সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো-২ মার্চ : কুয়েতের আকাশে ‘ফ্রেন্ডলি ফায়ারের’ (নিজেদের মধ্যে ভুলবশত হামলা) ঘটনায় কুয়েতি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গোলার আঘাতে আঘাতে তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। তবে যুদ্ধবিমানগুলোর ছয়জন ক্রু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এ সপ্তাহে জানিয়েছেন, ওই তিন যুদ্ধবিমানের পাইলটরা পুনরায় ইরানে বিমান হামলায় অংশ নিতে শুরু করেছেন।
১২ মার্চ : ইরাকে একটি কেসি-১৩৫ জেট ট্যাঙ্কার বিধ্বস্ত হয়ে ছয়জন মার্কিন ক্রু নিহত হন। মার্কিন সামরিক বাহিনী জানায়, জ্বালানি সরবরাহকারী এই বিমানটি শত্রুপক্ষ বা নিজেদের কোনো হামলায় ভূপাতিত হয়নি; বরং ‘অপারেশন এপিক ফিউরি’-তে অংশ নেওয়ার সময় অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষের কবলে পড়েছিল। এ ঘটনায় অন্য বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
২৭ মার্চ : সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় মার্কিন বিমান বাহিনীর একটি ই-৩ সেন্ট্রি (আকাশপথে সতর্ক সংকেত ও নিয়ন্ত্রণকারী বিমান) রানওয়েতে থাকা অবস্থায় ধ্বংস হয়। সিএনএন জানিয়েছে, ওই বিমান ঘাঁটিতে হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন, তবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। সূত্র অনুযায়ী, একটি মার্কিন ট্যাঙ্কার বিমানও সেই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এছাড়া, গত মাসে একটি মার্কিন এফ-৩৫ ফাইটার জেট মধ্যপ্রাচ্যের একটি বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএন-কে জানিয়েছে, বিমানটি ইরানি হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!