মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

ইরানের প্রতি এবার অটল সমর্থনের আশ্বাস পুতিনের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৮:২৬ পিএম

ইরানের প্রতি এবার অটল সমর্থনের আশ্বাস পুতিনের

ডেইলি খবর ডেস্ক: এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় মোয়াজতবা খামেনিকে একটি অভিনন্দনমূলক টেলিগ্রাম পাঠিয়েছেন। ক্রেমলিন আজ সোমবার (৯ মার্চ) এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
ক্রেমলিনের এক বিবৃতিতে টেলিগ্রামের বার্তায় প্রেসিডেন্ট পুতিনের অবিচল সমর্থনের আশ্বাসের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওই বার্তায় বলা হয়, ‘বর্তমানে ইরান যখন সশস্ত্র আগ্রাসনের মোকাবিলা করছে, তখন এই উচ্চপদে আপনার দায়িত্ব পালনের জন্য নিঃসন্দেহে সাহস ও নিষ্ঠার প্রয়োজন হবে। আমি আত্মবিশ্বাসী যে, আপনি সসম্মানে আপনার বাবার কাজ এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরীক্ষার মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন।’
বিবৃতি অনুযায়ী, পুতিন তেহরানের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন যে, রাশিয়া ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।
টেলিগ্রামে ভ্লাদিমির পুতিন আরও বলেন, ‘আমার পক্ষ থেকে, আমি তেহরানের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। রাশিয়া ইসলামি প্রজাতন্ত্রের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমি আপনার সামনের কঠিন কাজগুলো সমাধানে সাফল্য কামনার পাশাপাশি আপনার সুস্বাস্থ্য ও মনের জোর কামনা করছি।’
৫৬ বছর বয়সী মোজতবা খামেনি ইতিহাসের তৃতীয় ব্যক্তি হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা হলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই নিয়োগকে জাতীয় ঐক্য শক্তিশালী করার একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।
পূর্ববর্তী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি টানা ৩৭ বছর এই পদে অধিষ্ঠিত ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তাঁর বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!