আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলবর্তী সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান।
স্থানীয় সময় আজ রোববার (১৯ এপ্রিল) ভোরে চালানো এ উৎক্ষেপণ চলতি বছরে দেশটির সপ্তম এবং এপ্রিল মাসে চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে পূর্ব উপকূলীয় শহর সিনপোর কাছে থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। খবর আল জাজিরার।
ঘটনার পর দক্ষিণ কোরিয়া তাদের নজরদারি জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তথ্য আদান-প্রদান বাড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট কার্যালয় জরুরি নিরাপত্তা বৈঠকও করেছে বলে জানা গেছে।
জাপান সরকার জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব সাগরে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) প্রবেশের কোনো ঘটনা নিশ্চিত হয়নি।
এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে। তবে উত্তর কোরিয়া এ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে বলেছে, এটি তাদের আত্মরক্ষার সার্বভৌম অধিকারের পরিপন্থী।
এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মে মাসের মাঝামাঝি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলছে। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনা করতে পারেন।
এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি জানিয়েছেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতায় গুরুতর অগ্রগতি অর্জন করেছে এবং নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত মাসে দেশটির নেতা কিম জং উন ঘোষণা দেন, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা অপরিবর্তনীয় এবং জাতীয় নিরাপত্তা জোরদারে প্রতিরোধমূলক পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানো হবে।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :