বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ইরানের অর্থনৈতিক নেটওয়ার্ক বন্ধে বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তথ্য দিল যুক্তরাষ্ট্র

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৯:১৩ এএম

ইরানের অর্থনৈতিক নেটওয়ার্ক বন্ধে বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তথ্য দিল যুক্তরাষ্ট্র

ডেইলি খবর ডেস্ক: ইরানের সঙ্গে সংশ্লিষ্ট অর্থের প্রবাহ ও পণ্য সংগ্রহের নেটওয়ার্ক বন্ধে সহায়তার জন্য বিশ্বের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়টি এ তথ্য জানিয়েছে।

‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এসব তথ্য দেওয়া হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক অপরাধবিষয়ক সংস্থা ফিনসেনের মাধ্যমে তথ্য বিনিময় করা হয়।

ফিনসেনের ‘এক্সচেঞ্জ’ কর্মসূচির আওতায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে আর্থিক প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ স্বেচ্ছায় অংশ নেয়।

বৈঠকে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নেটওয়ার্ক ও মধ্যস্থতাকারীদের নিয়ে আলোচনা হয়। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, এসব নেটওয়ার্ক ইরান ও দেশটির মিত্র গোষ্ঠীগুলোকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশের সুযোগ দেয়। এর মাধ্যমে অর্থ পাচার, অস্ত্র সংগ্রহ এবং আঞ্চলিক সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করা হয় বলে ওয়াশিংটনের অভিযোগ।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, তেহরানের হাতে থাকা সব অর্থনৈতিক সুযোগ বন্ধ করতে যুক্তরাষ্ট্র আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সঙ্গে কাজ চালিয়ে যাবে।

গত ২৪ আগস্ট যুক্তরাষ্ট্র ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করে। বেসেন্টের ভাষ্য অনুযায়ী, এই অভিযানের লক্ষ্য হলো ইরানকে বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা।

এই অভিযানের আওতায় সর্বশেষ নিষেধাজ্ঞা দেওয়া হয় সোমবার। ওই দিন ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ফাইল ছবি, সূত্র: শাফাক নিউজ

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!