ডেইলি খবর ডেস্ক: জর্ডানের একটি গির্জায় প্রাণঘাতী বন্দুক হামলার জেরে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডান। স্থানীয় সময় সোমবারের (২৬ অক্টােবর) এ হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও এক নারী রয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।
জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, গত শুক্রবার (২৩ অক্টোবর) কারাক অঞ্চলের একটি গির্জায় হামলার প্রতিশোধ হিসেবে দক্ষিণ-পূর্ব সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। ওই হামলায় অন্তত ৯ জন নিহত এবং বেশকয়েকজন আহত হন।
জর্ডান দাবি করেছে, সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করেই হামলা চালানো হয়েছে। তবে দামেস্ক এ দাবি অস্বীকার করে বলেছে, আগাম আলোচনা বা অবহিত না করেই অভিযান চালিয়েছে জর্ডান। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সিরীয় সরকার।
সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, দেরা ও সুয়েইদা প্রদেশের অন্তত চারটি স্থানে হামলা হয়। দেরা প্রদেশের আল-তাই গ্রামে একটি তাঁবুতে হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন। এ ঘটনায় পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন। অন্যদিকে, দেরা ও সুয়েইদার পৃথক হামলায় ৮০ ও ৬০ বছর বয়সী দুই ব্যক্তি নিহত হন।
হামলার পর জর্ডান-সিরিয়া সীমান্তের গুরুত্বপূর্ণ নাসিব ক্রসিং বন্ধ করে দিয়েছে সিরিয়া। ফলে দুই দেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন স্থগিত রয়েছে।
এদিকে গির্জায় হামলায় জড়িত সন্দেহে সোমবার দুই ভাই ও তাদের এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে জর্ডানের নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারের সময় গোলাগুলিতে তারা গুরুতর আহত হন বলে জানিয়েছে একটি সরকারি সূত্র। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ হামলাকারীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :