ডেইলি খবর ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আগুন লাগার পর কয়েক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৪ মিনিটে জিনজিয়াংয়ের চেনদাই টাউনশিপের জিয়াংতোউ গ্রামের কাইতুও রোড ইস্টে অবস্থিত হুইতেং শুজ কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
খবর পেয়ে ছুয়ানঝৌ শহরের ফায়ার সার্ভিসের ১৮৩ জন দমকলকর্মী ও ৩৫টি ফায়ার ট্রাক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ভেতরে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কারখানাজুড়ে বিশাল আগুন ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। কয়েকজন কর্মী ভবনের ছাদে আটকে পড়ে সাহায্যের জন্য সংকেত দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকাজে একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়।
ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা, আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।তিনি দ্রুত অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
শি জিনপিং বলেন, চলতি বছরে দেশে একাধিক বড় শিল্প দুর্ঘটনা ঘটেছে। তাই সব অঞ্চল ও সংশ্লিষ্ট বিভাগকে এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত ও দূর করতে হবে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংও পৃথক নির্দেশনায় দ্রুত উদ্ধার অভিযান, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং ন্যাশনাল ফায়ার অ্যান্ড রেসকিউ অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে একটি বিশেষ তদন্ত ও উদ্ধার দল ঘটনাস্থলে পাঠিয়েছে।
উল্লেখ্য, চেনদাই চীনের অন্যতম বৃহৎ জুতা উৎপাদন কেন্দ্র। এখানকার কারখানাগুলো বছরে ১০০ কোটির বেশি জোড়া ক্রীড়া জুতা উৎপাদন করে। বিশ্বের মোট উৎপাদিত অ্যাথলেটিক জুতার প্রায় প্রতি পাঁচ জোড়ার একটি জিনজিয়াং অঞ্চলে তৈরি হয়।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :