শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

লেবাননের সঙ্গে দ্রুত আলোচনায় প্রস্তুত এবার ইসরায়েল : নেতানিয়াহু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১১:৫৩ পিএম

লেবাননের সঙ্গে দ্রুত আলোচনায় প্রস্তুত এবার ইসরায়েল : নেতানিয়াহু

ডেইলি খবর ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার সরকার লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত। একদিন আগে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানির পর তিনি এ ঘোষণা দেন।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, লেবাননের পক্ষ থেকে বারবার সরাসরি আলোচনার অনুরোধের প্রেক্ষিতে আমি মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছি।বিবৃতিতে বলা হয়, এই আলোচনার মূল বিষয় হবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েল-লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা। খবর আল জাজিরার। 
হামলার পর আলোচনার উদ্যোগ-এই ঘোষণা আসল এমন এক সময়, যখন বুধবার (৮ এপ্রিল) লেবাননজুড়ে ইসরায়েলের ব্যাপক হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হন। যা চলমান সংঘাতে সবচেয়ে ভয়াবহ দিন হিসেবে বিবেচিত হচ্ছে। এই হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। তবে ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তান দাবি করেছে, লেবাননও এই চুক্তির অংশ। বিভিন্ন আন্তর্জাতিক নেতাও লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
লেবাননের প্রতিক্রিয়া-লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, এ বিষয়ে একটি কূটনৈতিক উদ্যোগ চলছে, যা আন্তর্জাতিক মহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম জানিয়েছেন, রাজধানী বৈরুতে অস্ত্র কেবল রাষ্ট্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়টি হিজবুল্লাহর প্রতি এক ধরনের সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলের হামলা অব্যাহত-আলোচনার সম্ভাবনার কথা বলার কয়েক ঘণ্টা আগেই নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা শক্তি, নির্ভুলতা ও দৃঢ়তার সঙ্গে চলবে।
লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, বুধবারের হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১১০০-এর বেশি আহত হয়েছেন। নিহতদের স্মরণে বৃহস্পতিবার দেশটিতে জাতীয় শোক দিবস পালন করা হয়।
এর মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহ নেতা নাইম কাসেমের এক সহযোগীকে হত্যা করেছে।
পাল্টা হামলা ও উত্তেজনা-লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বিনত জবেইল শহরে ভারী গোলাবর্ষণ করেছে। একই সময়ে হিজবুল্লাহও অন্তত ২০টি হামলার দাবি করে জানিয়েছে, তারা ইসরায়েলি যানবাহন লক্ষ্য করে আঘাত হেনেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে লেবাননের প্রায় ১৫ শতাংশ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়া হয়েছে এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা-লেবাননে চলমান হামলার কারণে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরান বলছে, এসব হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, লেবাননে হামলা চলতে থাকলে শান্তি আলোচনা অর্থহীন হয়ে যাবে এবং ইরান লেবাননের জনগণকে ছেড়ে দেবে না।
তবে যুক্তরাষ্ট্র এখনও বলছে, লেবানন এই যুদ্ধবিরতির আওতায় পড়ে না। অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও তুরস্কসহ বেশ কয়েকটি দেশ লেবাননকে চুক্তির অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) বৈঠকে বসবেন। সেখানে চলমান যুদ্ধের স্থায়ী সমাধান নিয়ে আলোচনা হবে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!