শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের ৫ জন নিহত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৮:২৮ এএম

সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের ৫ জন নিহত

ডেইলি খবর ডেস্ক: হুতি আক্রমণের আতঙ্কে সৌদি আরব। পাল্টাপাল্টি আক্রমনে এবার উভয়ের ৫ জন নিহত হয়েছে। সৌদি আরব ও ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের এই পাল্টাপাল্টি হামলায় পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিধি আরো বাড়ছে। ইয়েমেনে হুতিদের অগ্রগতিতে এই যুদ্ধে ইরানের প্রভাব আরো বৃদ্ধি পেয়েছে। নিজেদের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসায় অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে সৌদি আরব।

এদিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে জানা গেছে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফ শহরে হুতিরা ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন। নিহত ব্যক্তি ইয়েমেনি নাগরিক। ওই ব্যক্তি সৌদি আরবে বসবাস করছিল।
গতকাল হুতিরা জানিয়েছে, ইয়েমেনের তায়েজ প্রদেশে তিনটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।

হুতি সমর্থিত টেলিভিশন আলমাসিরাহ জানিয়েছে, তায়েজ প্রদেশে সৌদি আরবের চালানো বিমান হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া আবস শহরে হামলায় আরো একজন আহত হয়েছে।
পরবর্তী সময়ে হুতি সমর্থিত গণমাধ্যমটি বলেছে, ‘সৌদি সমর্থিত ভাড়াটে সেনাদের হামলায় তিনজন ইয়েমেনি শিশু নিহত হয়েছে।

আহত হয়েছে বেশ কয়েকজন ইয়েমেনি নাগরিক।’ ‘সৌদি সমর্থিত ভাড়াটে সেনা’ বলতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারি বাহিনীকে বুঝিয়েছে আলমাসিরাহ।

হুতিরা গত বুধবার রণক্ষেত্রে ইয়েমেনের সৌদি সমর্থিত জোট বাহিনীর কাছ থেকে সাঁজোয়া যান জব্দ করার ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে আরো দেখা গেছে, মাথার ওপর দিয়ে যুদ্ধবিমান উড়ে যাচ্ছে আর মরুভূমির বালিয়াড়িতে বিশাল বিস্ফোরণ ঘটে ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠে যাচ্ছে।

হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাঁরা সৌদি আরবের লোহিত সাগরীয় গুরুত্বপূর্ণ তেল বন্দর ইয়ানবুতে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর পাশাপাশি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশায়িতের বিমানঘাঁটিতেও আঘাত হেনেছে। তবে কখন এসব হামলা চালানো হয়েছে তা জানাননি তিনি। গত মঙ্গলবার সৌদি আরব দেশটির অনেক এলাকায় হামলার সতর্কতা জারি করেছিল, সেগুলোর মধ্যে এ দুটি শহরও ছিল। তবে বুধবার দেশটি এ ধরনের কোনো ঘোষণা দেয়নি। সৌদি কর্মকর্তারা ও তেল কম্পানি আরামকোর মন্তব্য চেয়ে রয়টার্সের পাঠানো ই-মেইলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এর আগে হুতি মুখপাত্র সারি জানিয়েছেন, তাঁরা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছেন।

এদিকে নতুন একটি রণক্ষেত্রে সংঘাতের অবনতি হচ্ছে, এমন ইঙ্গিত দেওয়া এক সতর্কবার্তায় সৌদি আরবে ভ্রমণের বিষয়ে বিধি-নিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারি কর্মকর্তাদের ইয়েমেনের সীমান্তের ২০ মাইলের মধ্যে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে হুতিদের বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে যুদ্ধ করায় গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রে টান পড়েছে রিয়াদের। সৌদি আরব সম্প্রতি হুতিদের হামলা প্রতিহত করতে ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান এবং মিসরের কাছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবে স্থাপনে অনুরোধ জানিয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সৌদির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে। তাই ওয়াশিংটনও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সংকটে পড়েছে। আর এমন পরিস্থিতিতে সৌদি অন্য দেশগুলোর কাছে সহায়তা চেয়েছে।

এ ছাড়া ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণে রাখতে তেহরানের সহায়তা চেয়েছে চীন। গত সপ্তাহে ইরানসমর্থিত হুতিদের দ্রুত সামরিক অগ্রগতির পর সৌদি আরবের অনুরোধে বেইজিং এই উদ্যোগ নিয়েছে। সংগৃহীত ছবি,সূত্র : রয়টার্স, এপি, আলজাজিরা

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!