মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

ইউক্রেন ইস্যুতে পুতিনকে যে বার্তা দিলেন মোদি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ১০:৪৬ পিএম

ইউক্রেন ইস্যুতে পুতিনকে যে বার্তা দিলেন মোদি

ডেইলি খবর ডেস্ক: ইউক্রেন যুদ্ধের সমাধানে সব ধরনের শান্তিপূর্ণ উদ্যোগকে সমর্থন করে ভারত এবং ভবিষ্যতেও সেই অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি বলেছেন, এখন অন্তহীন যুদ্ধ থেকে বেরিয়ে যুদ্ধের অবসানের পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে। খবর এনডিটিভির।

সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ বিবৃতিতে এসব কথা বলেন মোদি।

মোদি বলেন, ইউক্রেন ইস্যুতে ভারত সব সময় শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। এর আগেও পুতিনের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং রাশিয়ার অবস্থান তিনি শুনেছেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, অন্তহীন যুদ্ধের পরিস্থিতি থেকে আমাদের যুদ্ধের সমাপ্তির দিকে এগোতে হবে। সবার একই প্রত্যাশা যে এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক।

তিনি আরও বলেন, ভারত বিশ্বাস করে, সব ধরনের সমস্যার সমাধান শান্তিপূর্ণ উপায়ে হওয়া উচিত। এটি শুধু একটি দেশের জন্য নয়, সমগ্র মানবজাতির স্বার্থে প্রয়োজন।

মোদির এই মন্তব্যকে দুই বছর আগে দেওয়া তার বহুল আলোচিত ‘এটি যুদ্ধের যুগ নয়’ বক্তব্যের পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে। ওই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিল।

বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা করেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সেপ্টেম্বরে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে। সংগৃহীত ছবি,সূত্র : এনডিটিভি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!