আন্তর্জাতিক ডেস্ক: ইরান পারমাণবিক শক্তি হয়ে উঠলে মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক বিপর্যয়’ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি দাবি করেছেন, তেহরানের কাছে ইউরোপে আঘাত হানার মতো সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে। খবর গালফ নিউজের।
ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবন থেকে থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ইউরোপীয় লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হলেও যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর মতো সক্ষমতা ইরানের নেই।
ট্রাম্পের ভাষায়, ‘ইউরোপে পৌঁছানোর মতো সক্ষমতা তাদের সত্যিই আছে। আমাদের এখানে পৌঁছানোর সক্ষমতা না থাকলেও ইউরোপে আঘাত হানার ক্ষমতা তাদের রয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তেহরানকে তাদের অবস্থান পুনর্বিবেচনার সুযোগ দিচ্ছে ওয়াশিংটন। তবে প্রয়োজন হলে ইরানের ‘একটি গুরুত্বপূর্ণ স্থাপনায়’ যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমরা তাদের বুদ্ধিমত্তার পরিচয় দেয়ার একটি সুযোগ দিচ্ছি। তাদের কোনও সামরিক শক্তি নেই... আমরা যদি কোনও পদক্ষেপ নিই, তবে অবশ্যই পিকঅ্যাক্স মাউন্টেনে আঘাত হানব; কিন্তু সেখানে আমরা এখনও তেমন কোনও তৎপরতা দেখিনি।’
ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দিলে তা পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেন ট্রাম্প। এর ফলে ইসরায়েলসহ অঞ্চলটির অন্যান্য দেশ ঝুঁকির মুখে পড়বে বলেও উল্লেখ করেন তিনি।
ইরানি নেতাদের ‘উন্মাদ’ আখ্যা দিয়ে ট্রাম্প পুনর্ব্যক্ত করেন, ওয়াশিংটন কোনোভাবেই তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। তিনি বলেন, ‘আমি তাদের চিনতে পেরেছি এবং সত্যি বলতে তারা উন্মাদ। তারা আসলেই পাগল। এ কারণেই আমরা তাদের পারমাণবিক অস্ত্র পেতে দেব না।’ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :