আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের হামলাসহ চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, লেবাননে আর কোনো হামলা চালানো যাবে না।
ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েল আর লেবাননে বোমা হামলা চালাবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটি নিষিদ্ধ করা হয়েছে। যথেষ্ট হয়েছে! খবর দ্যা নিউইয়র্ক পোস্টের।
ট্রাম্প আরও জানান, ইরান যুদ্ধের অবসান নিয়ে চলমান আলোচনায় কোনো অর্থ লেনদেনের বিষয় নেই। আলোচনার অংশ হিসেবে ইরানের জব্দকৃত অর্থ ছাড় দেওয়ার সম্ভাবনা নিয়ে যে খবর এসেছে, তা নাকচ করে দেন তিনি।
ট্রাম্প বলেন, কোনোভাবেই কোনো অর্থ বিনিময় হবে না। পাশাপাশি তিনি উল্লেখ করেন, লেবানন ইস্যু আলাদাভাবে দেখা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র হিজবুল্লাহ পরিস্থিতি মোকাবিলায় পৃথকভাবে কাজ করবে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের আহ্বানে ১০ দিনের যুদ্ধবিরতি মেনে নেওয়া হলেও হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নির্মূল করার কাজ এখনও শেষ হয়নি।
এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির প্রস্তাব- এই নীতিতে তারা এগোচ্ছেন। তবে তিনি সতর্ক করে দেন, সামনে আরও সামরিক পদক্ষেপ থাকতে পারে, বিশেষ করে রকেট ও ড্রোন হুমকি মোকাবিলায়।নেতানিয়াহু স্বীকার করেন, ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীকে পুরোপুরি নির্মূল করা দ্রুত সম্ভব নয় এবং এর জন্য দীর্ঘমেয়াদি কৌশল ও ধৈর্যের প্রয়োজন।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :