আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে একাধিক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একই সময়ে পাঁচজন কৃষ্ণাঙ্গ গভর্নর দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর এবং প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ রিপাবলিকান গভর্নর। এ ছাড়া কয়েকটি অঙ্গরাজ্যে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ গভর্নর নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে জর্জিয়া থেকে ডেমোক্র্যাট প্রার্থী ও আটলান্টার সাবেক মেয়র কেইশা ল্যান্স বটমস গভর্নর নির্বাচিত হয়েছেন। তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর। একই নির্বাচনে ফ্লোরিডা থেকে রিপাবলিকান প্রার্থী ও কংগ্রেস সদস্য বায়রন ডোনাল্ডস গভর্নর নির্বাচিত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ রিপাবলিকান গভর্নর। পাশাপাশি ফ্লোরিডার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে অঙ্গরাজ্যজুড়ে কোনো নির্বাচনে জয়ী হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম স্টেটলাইনে বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। নেভাডায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যারন ফোর্ড এবং উইসকনসিনে ডেভিড ক্রাউলি গভর্নর নির্বাচিত হয়েছেন। উভয় অঙ্গরাজ্যেই এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি গভর্নরের দায়িত্ব নিতে যাচ্ছেন। তারা জর্জিয়ার বটমস ও ফ্লোরিডার ডোনাল্ডসের সঙ্গে যোগ দেবেন। এ ছাড়া মেরিল্যান্ডের কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট গভর্নর ওয়েস মুরও পুনর্র্নিবাচিত হয়েছেন। ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো একই সময়ে পাঁচজন কৃষ্ণাঙ্গ গভর্নর দায়িত্ব পালন করবেন।
এর আগে যুক্তরাষ্ট্রে গভর্নরের দায়িত্ব পালন করা একমাত্র কৃষ্ণাঙ্গ রিপাবলিকান ছিলেন পিনকনি বেন্টন স্টুয়ার্ট পিঞ্চব্যাক। তবে তিনি নির্বাচিত হননি; ১৮৭২ সালে পুনর্গঠন যুগে লুইজিয়ানার গভর্নরের দায়িত্ব পান।
আরও যেসব ইতিহাস: এবারের নির্বাচনে শুধু কৃষ্ণাঙ্গ রাজনীতিকদের ক্ষেত্রেই নয়, অন্য কয়েকটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ক্ষেত্রেও নতুন ইতিহাস তৈরি হয়েছে।
নিউ মেক্সিকোতে ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডেব হালান্ড গভর্নর নির্বাচিত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আদিবাসী নারী গভর্নর হতে যাচ্ছেন। তিনি লাগুনা পুয়েবলো জনগোষ্ঠীর সদস্য। তাঁর জয়ের মধ্য দিয়ে নিউ মেক্সিকো হবে দ্বিতীয় অঙ্গরাজ্য, যার গভর্নর আদিবাসী জনগোষ্ঠীর সদস্য। এর আগে ওকলাহোমায় আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা গভর্নরের দায়িত্ব পালন করেছেন।
ওহাইওতে ডেমোক্র্যাট প্রার্থী চিকিৎসক অ্যামি অ্যাকটন প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তার জয়ের মধ্য দিয়ে দুই দশক পর অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটরা গভর্নরের দায়িত্ব নিতে যাচ্ছে।
টেক্সাসেও ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা। তিনি অঙ্গরাজ্যটির প্রথম নারী লাতিনা গভর্নর হতে যাচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় হিস্পানিক নারী গভর্নর হবেন তিনি। নির্বাচনে রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন হিনোজোসা।
এর আগে নিউ মেক্সিকোতে দুজন হিস্পানিক নারী গভর্নরের দায়িত্ব পালন করেছেন। তাঁরা হলেন বর্তমান ডেমোক্র্যাট গভর্নর মিশেল লুজান গ্রিশাম এবং সাবেক রিপাবলিকান গভর্নর সুসানা মার্টিনেজ।
গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার: এবারের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের বুধবার বেলা ১১টার (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) হিসাব অনুযায়ী, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর মধ্যে ডেমোক্র্যাটরা ২২টিতে এবং রিপাবলিকানরা ১২টিতে জয় পেয়েছে। আলাস্কা ও কানসাসের ফল তখনো ঘোষণা করা হয়নি।
এর মধ্য দিয়ে ১৬ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যের গভর্নরের দায়িত্ব পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। গত ১৬ বছর ধরে গভর্নর ও অঙ্গরাজ্যের আইনসভাগুলোর অধিকাংশ নিয়ন্ত্রণে রেখেছিল রিপাবলিকানরা। এবারের নির্বাচনে সেই রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তন এসেছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :