সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

ইরানের সঙ্গে চুক্তি আজই : ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৮:২৪ পিএম

ইরানের সঙ্গে চুক্তি আজই : ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এক চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পাকিস্তানে ‘আজই’ ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। খবর আল জাজিরার।
ট্রাম্প জানিয়েছেন, চুক্তির চূড়ান্ত আলোচনার লক্ষ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পথে রয়েছে।
এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প এই কূটনৈতিক তৎপরতার কথা উল্লেখ করেছিলেন। ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তিনি আজই এই চুক্তির একটি সফল সমাপ্তি দেখতে চান।
ট্রাম্প চুক্তির কথা বললেও ভিন্ন বার্তা দিচ্ছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ অবৈধভাবে জব্দ করার পর ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের সরকারের নেই। ইরানের পক্ষ থেকে এই জাহাজ আটকের ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।
সম্ভাব্য এই আলোচনাকে কেন্দ্র করে ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান সরকার। শহরের গুরুত্বপূর্ণ অংশগুলো অবরুদ্ধ করে প্রায় ২০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!