ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের পাশের সড়কে ছিটকে পড়েছে একটি কার্গো উড়োজাহাজ। রবিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সড়কে ছিটকে পড়ার পর উড়োজাহাজটি সেখানে থাকা কয়েকটি গাড়িতে আঘাত করে। এতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। তাঁদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা সংবাদ সম্মেলনে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গুরুতর আহত অন্তত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।তবে দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার শিকার বোয়িং ৭৬৭–৩০০ মডেলের কার্গো উড়োজাহাজটি বিশ্বখ্যাত ই–কমার্স জায়ান্ট অ্যামাজন পরিচালিত প্রাইম এয়ারের।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, গতকাল রবিবার মিয়ামির স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে উড়াল দিয়েছিল।
এফএএ আরো জানায়, অবতরণের সময় কার্গো উড়োজাহাজটি পাশের সড়কে ছিটকে পড়ে। এ সময় সেটি ওই সড়কে থাকা ‘একাধিক’ গাড়িতে আঘাত করে।
পরে সেটিতে আগুন ধরে যায়। স্থানীয় ফায়ার রেসকিউ কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে আগুনের শিখা আর ব্যাপক ধোঁয়া ছিল।
দুর্ঘটনার পরপর মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
কার্গো উড়োজাহাজটি অবতরণের সময় কেন রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল, তা এখনো জানা যায়নি। ওই সড়কে কতটি গাড়িতে উড়োজাহাজটি আঘাত করেছে, তা-ও জানা যায়নি।
অ্যামাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশনসের পরিচালক কেলি নানতেল বলেছেন, ঠিক কী ঘটেছে, তা জানতে আমরা স্থানীয় কর্তৃপক্ষ আর কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :