বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন?

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ১০:৪১ পিএম

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন?

ডেইলি খবর ডেস্ক: গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা ও দীর্ঘ তিন বছরের সংঘাত এবং রাজনৈতিক টানাপোড়েনের পর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন ইসরায়েলি নাগরিকরা। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে আগ্রাসন, জিম্মি উদ্ধার নিয়ে ব্যর্থতা, সরকারের দুর্নীতি ও কট্টর অর্থোডক্সদের সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তীব্র অভ্যন্তরীণ চাপের মুখে পড়েছেন। খবর আল জাজিরার।

ভোটাভুটি শেষে নির্বাচনের ফল প্রকাশ ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া কীভাবে হবে তা নিয়ে চলছে বিচার-বিশ্লেষণ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। প্রায় ৭৩ লাখ নিবন্ধিত ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই বিভিন্ন সংবাদমাধ্যম এক্সিট পোল বা বুথফেরত জরিপের আনুমানিক ফল প্রকাশ করবে।

নির্বাচন কমিশনের অফিসিয়াল তথ্য অনুযায়ী, আগামী শুক্রবারের (৩০ অক্টোবর) মধ্যে চূড়ান্ত ভোট গণনা শেষ হবে ও আগামী ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নির্বাচন ফলাফল ঘোষণা করা হবে।

জোটের হিসাব-নিকাশ

ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’-এর মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য যেকোনো জোটকে অন্তত ৬১টি আসনে জয়লাভ করতে হবে।

ভোটের ঠিক আগে প্রকাশিত জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট ৫০টি আসন পেতে পারে, অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে ছোট দলগুলো নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে।

কীভাবে নির্বাচিত হবেন নতুন প্রধানমন্ত্রী?

চূড়ান্ত ফলাফল প্রকাশের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ পার্লামেন্টের বিজয়ী দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। আলোচনার ভিত্তিতে সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা থাকা প্রার্থীকে তিনি আহ্বান জানাবেন। মনোনীত প্রার্থীকে সরকার গঠনের জন্য সর্বোচ্চ ৪২ দিন সময় দেওয়া হবে।

যদি কোনো পক্ষই সরকার গঠনে ব্যর্থ হয়, তাহলে কী হবে?

যদি চূড়ান্ত দরকষাকষির পরও কোনো দল বা জোট প্রয়োজনীয় ৬১টি আসন নিয়ে সরকার গঠন করতে না পারে, তবে নেতানিয়াহুর বর্তমান মন্ত্রিসভাই অন্তর্র্বতীকালীন দায়িত্ব পালন করবে এবং দেশকে আবারও নতুন নির্বাচনের দিকে হেঁটে যেতে হবে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!