শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

মার্কিন যুক্তরাষ্ট্র নয়,ইসলামাবাদে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে ইরান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৯:২৪ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র নয়,ইসলামাবাদে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে ইরান

ডেইলি খবর ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে ইরানি প্রতিনিধিদল। এমনটাই জানিয়েছে পাকিস্তানি সূত্রগুলো। তারা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফাও শিগগির শুরু হতে পারে। তবে মার্কিন সূত্র ও ইরানি সংবাদমাধ্যম জানাচ্ছে, এই প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মার্কিন প্রশাসনের সূত্র ও ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, ইরানের প্রতিনিধিদল আজ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে। তবে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠক হবে না।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। এরপর তিনি ওমানের রাজধানী মাসকাট ও রাশিয়ার মস্কো সফরে যাবেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এসব তথ্য জানিয়েছে।
পাকিস্তানি পক্ষের আশা, আজকের এই বৈঠকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হতে পারে। তবে যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
এ পর্যন্ত জানা গেছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। এখানে প্রাসঙ্গিক হয়ে ওঠে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাম্প্রতিক বক্তব্য। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ‘প্রস্তুত’ অবস্থায় রয়েছে। এই বক্তব্য ইরানি সামরিক বাহিনীর কথার সঙ্গে বেশ মিল আছে; তারা বলছে—আঙুল ট্রিগারে রয়েছে।
এটাই মূলত অচলাবস্থার একটি দিক—দুই পক্ষ কি কূটনৈতিক পথে সমস্যার সমাধানে আগ্রহী, না আবার মুখোমুখি সংঘাতে জড়াবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের বাহিনী জব্দ বা বাধাগ্রস্ত করছে। একই সময়ে ইরানের পক্ষ থেকেও অনুরূপ দাবি শোনা যাচ্ছে, তারা বলছে, তারাও জাহাজ আটক করছে। গতকাল বৃহস্পতিবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় অন্তত দুটি জাহাজ জব্দ করা হয়েছে। এখানেই উঠে আসে আরেকটি বিতর্কিত কৌশল—‘ব্লকেডের জবাবে ব্লকেড’।
এ ছাড়া বিজয় নিয়ে দুই পক্ষের বয়ানেও রয়েছে স্পষ্ট বৈপরীত্য। ইরান বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে নিজেদের বিজয় হিসেবে দেখছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রও দাবি করছে বিজয় তাদের দিকেই। ইরানের রাষ্ট্রসংশ্লিষ্ট গণমাধ্যম জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির এই সফর ইসলামাবাদ, মাসকাট ও মস্কো সফরের একটি ধারাবাহিক অংশ। ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!