ডেইলি খবর ডেস্ক: সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে ভয়াবহ হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ জনই শিশু রয়েছে। এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস জানান, শুক্রবার রাতে পূর্ব দারফুরের রাজধানী আল-দাইনের একটি শিক্ষণ হাসপাতালে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে রোগী, দুইজন নারী নার্স ও একজন পুরুষ চিকিৎসকও রয়েছেন। হামলায় আরও ৮৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও আছেন।
হামলার ফলে হাসপাতালটির শিশু, মাতৃত্ব ও জরুরি বিভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরো হাসপাতালটি অচল হয়ে পড়েছে এবং শহরের জরুরি চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে।
ডব্লিউএইচও জানায়, সুদানের চলমান সংঘাতে এখন পর্যন্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ২০২৩ সালে শুরু হওয়া এই যুদ্ধে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘর্ষ চলছে। এতে হাজার হাজার মানুষ নিহত, কোটি মানুষ বাস্তুচ্যুত এবং বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল এ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ডব্লিউএইচও প্রধান বলেন, যুদ্ধের মধ্যে হাসপাতালের মতো স্থাপনায় হামলা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। তিনি দ্রুত সংঘাত কমিয়ে বেসামরিক মানুষ ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সূত্র : আলজাজিরা

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :