ডেইলি খবর ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আরাদে এ পর্যন্ত আহত হয়েছে ৮৮ জন। রোববার (২২ মার্চ) ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা এ তথ্য নিশ্চিত করেছে। সংগঠনটি বিবৃতিতে জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৯ জনের অবস্থা গুরুতর। এদিকে, এ হামলার পর শহরটির একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। খবর- আল জাজিরা
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আরাদ শহরে ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে। সবশেষ তথ্য অনুযায়ী, এই হামলায় মোট ৮৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুর অবস্থা আশঙ্কাজনক। হামলার পর ইসরায়েলের অগ্নিনির্বাপণ সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আরাদ শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনের মাঝখানে ক্ষেপণাস্ত্রটি ‘সরাসরি আঘাত’ হেনেছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘হামলাকবলিত স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’এর আগে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের দিমোনায় একটি ভবন ধসে পড়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দক্ষিণাঞ্চলীয় একটি স্কুলেও আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাগেন ডেভিড আদোমের (এমডিএ) উদ্ধারকর্মীরা দিমোনার বিভিন্ন স্থানে প্রায় ২০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছেন, যাদের বেশিরভাগই শার্পনেলের কারণে আহত হয়েছেন। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :