ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের-ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ ও অমীমাংসিত ইস্যুগুলোর সমাধানে সম্ভাব্য চুক্তি এগিয়ে নিতে কাতারের একটি আলোচক দল তেহরানে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।বার্তা সংস্থা রয়টার্সকে সূত্রটি জানায়, স্থানীয় সময় শুক্রবার (২২ মে) যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাতারের প্রতিনিধি দলটি তেহরানে যায়। তাদের লক্ষ্য হচ্ছে যুদ্ধের অবসান ঘটাতে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে সহায়তা করা। খবর রয়টার্সের।মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত কাতার এতদিন ইরান যুদ্ধের বিষয়ে সরাসরি ভূমিকা থেকে কিছুটা দূরে ছিল। কারণ সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল কাতারও।সূত্রটি বলেছে, কাতারের আলোচক দল তেহরানে অবস্থান করছে এবং তারা যুদ্ধ বন্ধ ও ইরানের সঙ্গে বাকি ইস্যুগুলোর সমাধানে কাজ করছে।তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুদ্ধ শুরুর পর থেকে আনুষ্ঠানিক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। তবে নতুন করে কাতারের সম্পৃক্ততা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের আস্থাভিত্তিক যোগাযোগের অংশ হিসেবেই দেখা হচ্ছে।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এখনও বড় কোনো অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধ এবং হরমুজ প্রণালিতে তেহরানের নিয়ন্ত্রণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার বলেন, আলোচনায় কিছু ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। তবে তিনি অতিরিক্ত আশাবাদী হতে চান না বলেও মন্তব্য করেন।
রুবিও আরও বলেন, পাকিস্তান এখনও এ আলোচনার প্রধান মধ্যস্থতাকারী এবং তারা ‘প্রশংসনীয় কাজ’ করছে।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :