ডেইলি খবর আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চুক্তি হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং সমঝোতার ভালো সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করবে বলেও সতর্ক করেছেন তিনি।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) সাংবাদিকদের আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘তারা বৈঠক করতে চায় এবং আমরা বৈঠক করছি। দেখা যাক কী হয়। চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে’। তিনি আরও বলেন, ‘আমরা যা করেছি, তা না হলে তারা আমাদের সঙ্গে আলোচনাতেই বসত না।’
ট্রাম্প বলেন, ‘আমরা এখনই ইরানের সঙ্গে আলোচনা করছি। আলোচনা ভালোই চলছে। তাই দেখা যাক কী হয়। ভালো কিছু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে’। তিনি আরও বলেন, ‘যদি তা না হয়, তাহলে দুই দিন আগে আমরা যা করছিলাম, আবার সেটাই শুরু করব।’
তবে এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু বলেননি। ট্রাম্পের দাবি, ‘আমরা যদি দুর্বল অবস্থায় থাকতাম, তাহলে তারা কখনও বৈঠকের অনুরোধ করত না। তারা এখন বৈঠক চাইছে শুধু এ কারণে যে আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি রাশিয়া ইরানকে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিষয়টি জানতে চাইবেন।
তিনি বলেন, ‘খুব শিগগিরই আমরা বিষয়টি জানতে পারব। আমি পুতিনকে জিজ্ঞেস করব। তখনই বিষয়টি পরিষ্কার হবে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইরান ইস্যুতে তার অবস্থান একই কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা ‘অনেকটাই একমত’, তবে ‘সামান্য কিছু মতপার্থক্য’ রয়েছে।
এদিকে আনাদোলুকে যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, বৈঠকে ইরান সংঘাত, লেবাননে ত্রিপক্ষীয় কাঠামো বাস্তবায়নের অগ্রগতি এবং আব্রাহাম চুক্তি আরও সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও পৃথক বৈঠক করবেন। ওই কর্মকর্তা জানান, রাশিয়া-ইউক্রেন শান্তি প্রক্রিয়ার চলমান অগ্রগতি নিয়ে সেখানে আলোচনা হবে। তিনি বলেন, ‘এখনই যুদ্ধের অবসান ঘটানোর সময়।’
সম্প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালায়। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে হামলা চালায়। টানা দুই সপ্তাহের হামলা-পাল্টা হামলার পর গত তিন দিন ধরে সংঘাত বন্ধ রয়েছে। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :