ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি প্রধান তেল স্থাপনার কাছের এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওই সব দেশের সংশ্লিষ্ট বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছে, অবিলম্বে এই এলাকাগুলো ত্যাগ করুন এবং কোনো বিলম্ব না করে নিরাপদ দূরত্বে সরে যান।
বুধবার সকালে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরাইলের হামলার পর এই খবর সামনে এলো। এর অর্থ সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে হামলা চালাতে পারে তেহরান। যদিও নির্দেশনায় এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা নেই।
বিশ্বের বৃহত্তম ওই গ্যাসক্ষেত্রে হামলা চালানোয় নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বিশ্ব জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এই অঞ্চলের জনগণ এবং পরিবেশের জন্যও একটি বড় হুমকি।
এদিকে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আরব দেশের পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছে সৌদি আরব। বুধবার দেশটির রাজধানী রিয়াদে আরব ও ইসলামী রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে উদ্বেগ কমানোর বিষয়ে আলোচনা হয়। সূত্র: আল জাজিরা, সৌদি গ্যাজেট

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :