ডেইলি খবর ডেস্ক: সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ড সফরকালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, এই হামলার নেপথ্যে ইরানের হাত থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইরাকের দিক থেকে আসা কয়েকটি ড্রোন দেশটির পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের ইয়ানবু বন্দর পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনে হামলা চালায়। এই হামলায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর তেল সরবরাহ সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি বন্ধ হওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং বিশ্ব তেল বাজারে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে তেল সরবরাহ ও জাহাজ চলাচলে বড় ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে।
সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের কৌশলগত মোখা বন্দর ও যাকার দ্বীপের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর সৌদি পাইপলাইনে এই হামলার ঘটনা ঘটল। সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের হামলা চলমান মধ্যপ্রাচ্য সংকটকে আরও বেশি জটিল ও রক্তক্ষয়ী করে তুলতে পারে।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :