শনিবার, ২০ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

ইরানের পর এবার উত্তর কোরিয়ায় নজর দিচ্ছেন ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০২:০৯ পিএম

ইরানের পর এবার উত্তর কোরিয়ায় নজর দিচ্ছেন ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক: ইরানের সঙ্গে ঐতিহাসিক সমঝোতা চুক্তি সম্পাদনের পর মনোযোগ উত্তর কোরিয়া সংকটের দিকে ঘোরাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং এই তথ্য জানিয়েছেন।

আজ শুক্রবার (১৯ জুন) সিউলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লি জে-মিউং আরও জানান, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আরোপিত বৈশ্বিক নিষেধাজ্ঞাগুলো এখন পুরোপুরি ‘অকার্যকর’ হয়ে পড়েছে বলে তিনি ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছেন। খবর এএফপির।

চলতি সপ্তাহে ফ্রান্সে জি-৭ সম্মেলনের নৈশভোজে ডোনাল্ড ট্রাম্প ও লি জে-মিউং দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এই সম্মেলনেই মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে অন্তর্র্বতীকালীন চুক্তি স্বাক্ষর করেন। সিউলে ফিরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে বলেছেন, উত্তর কোরিয়া ইস্যুটিতে মনোযোগ দেওয়ার উপযুক্ত সময় এসেছে।

উত্তর কোরিয়ার ওপর মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে আলোচনার বিবরণ দিয়ে লি জে-মিউং বলেন, আমি তাকে বলেছি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের নীতি এখন আর কার্যকর নয়। ইউক্রেন যুদ্ধের জেরে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে যে গভীর সামরিক সহযোগিতা তৈরি হয়েছে, তার কারণে এই নিষেধাজ্ঞাগুলোর কার্যকারিতা অনেকটাই কমে গেছে। রাশিয়ার কাছ থেকে পাওয়া সামান্যতম সহায়তাও উত্তর কোরিয়ার জন্য বড় সুবিধা হিসেবে কাজ করছে।

ইরানের সঙ্গে চুক্তি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ক্যাপশন ছাড়াই উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে একটি পুরোনো ছবি পোস্ট করেন। ২০১৮ সালে সিঙ্গাপুর শীর্ষ সম্মেলনে তোলা এই ছবিটির আকস্মিক পোস্ট বিশ্বজুড়ে তীব্র জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। তাহলে কি ট্রাম্প প্রশাসন এবার তাদের পরবর্তী ভূ-রাজনৈতিক লক্ষ্য হিসেবে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার দিকেই হাত বাড়াতে যাচ্ছে!

উল্লেখ্য, ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ কোনো স্থায়ী শান্তি চুক্তির মাধ্যমে শেষ হয়নি। কেবল একটি সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত বন্ধ হওয়ার কারণে বলা যায় দুই কোরিয়া এখনও যুদ্ধের মধ্যে রয়েছে। সুদীর্ঘ ও কঠোর সামরিকায়িত ডিমিলিটারাইজড জোন বা অসামরিকীকৃত অঞ্চল দিয়ে দুই দেশের সীমান্ত বিভক্ত। ট্রাম্পের এই সম্ভাব্য নীতি পরিবর্তন দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা ও এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনীতিতে এক নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!