রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল বিপর্যয়ের নেপথ্যে যে কারণ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০১:৫০ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল বিপর্যয়ের নেপথ্যে যে কারণ

ডেইলি খবর ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ ঘণ্টার উড়োজাহাজ চলাচল বিপর্যয়ের পেছনে সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিসের স্থাপন করা একটি রাউটারের ত্রুটি দায়ী হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবারের (১৩ নভেম্বর) ওই ঘটনায় ২০ হাজারের বেশি ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) কর্মকর্তারা জানান, পুরোনো টেলিযোগাযোগ ব্যবস্থা থেকে আধুনিক ফাইবার-অপটিক নেটওয়ার্কে যাওয়ার কাজের সময় এ সমস্যা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার পুরোনো অবকাঠামো এবং সেটি সচল রেখে নতুন প্রযুক্তি চালুর জটিলতা আবারও সামনে এসেছে। খবর রয়টার্সের।

পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, শুক্রবার এলথ্রি হ্যারিসের কর্মীরা অন্তত একটি দূরবর্তী স্থাপনায় পুরোনো তামার তারের বদলে ফাইবার-অপটিক সংযোগ চালুর নিয়মিত রক্ষণাবেক্ষণকাজ করছিলেন। এ সময় আরকানসাস ও টেক্সাসে স্থাপন করা রাউটারগুলোতে সমস্যা হয়ে থাকতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ডাফি বলেন, সমস্যাটি ব্যবহারকারীর ভুল, স্থাপনকারীর ভুল, নাকি ত্রুটিপূর্ণ রাউটার স্থাপনের কারণে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ সংস্থার (এফএএ) এমন একটি ব্যবস্থা ছিল, যা পরিস্থিতি সামাল দিতে পারেনি।

এলথ্রি হ্যারিস জানিয়েছে, তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ১৩ নভেম্বরের উড়োজাহাজ চলাচল স্থগিতের কারণ অনুসন্ধানে এফএএকে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, পুরোনো তামার তারের যোগাযোগব্যবস্থা থেকে ফাইবার-অপটিক ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পিত কাজের ৭০ শতাংশের বেশি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ডাফির ভাষ্য অনুযায়ী, নতুন রাউটারগুলো প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে এক হাজারের বেশি সংযোগের চেষ্টা করে অন্য রাউটারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি করছিল। এতে এফএএর ২২টি এন রুট সেন্টারের মধ্যে ১৭টিতে যোগাযোগব্যবস্থায় অস্থিরতা দেখা দেয়। ফলে উড়োজাহাজ ও রাডারের সঙ্গে তথ্য আদান-প্রদানে সমস্যা তৈরি হয়।

এফএএ জানায়, যোগাযোগব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে বিভিন্ন কেন্দ্রে তথ্যের স্থিতিশীলতা নষ্ট হয়েছিল। এতে কোনো নিয়ন্ত্রণকেন্দ্র অচল হয়ে পড়েনি। ডাফি জানান, যেসব রাউটার পরিবর্তন করা হচ্ছিল, সেগুলো প্রায় ২৫ বছরের পুরোনো। ২০০৬ সালেই এগুলো বদলে ফেলার কথা ছিল।

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় ছোটখাটো ত্রুটি থেকে বড় বিপর্যয়ের ঘটনা আগেও ঘটেছে। ২০২৩ সালে সরকারি এক ঠিকাদারের ভুলে গুরুত্বপূর্ণ ফাইল মুছে যাওয়ায় দেশজুড়ে ৯০ মিনিটের জন্য বিমান চলাচল স্থগিত হয়েছিল। এতে প্রায় ১১ হাজার ফ্লাইট ব্যাহত হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর সেটিই ছিল প্রথম দেশব্যাপী বিমান চলাচল স্থগিতের ঘটনা।

শুক্রবারের বিপর্যয় ঘটে সপ্তাহের শেষে ভ্রমণ মৌসুমে যাত্রীদের চাপ বাড়তে শুরু করার সময়। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে ছোট উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে রক্ষণাবেক্ষণ কাজের সময় নতুন করে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ডাফি।

এফএএর পুরোনো উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও টেলিযোগাযোগব্যবস্থা আধুনিকায়নে কংগ্রেস ১২.৫ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। এ খাতে আরও ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের অনুরোধ জানিয়েছেন ডাফি।

গত সপ্তাহেই এফএএ জানিয়েছে, ২০২৮ সালের শেষ নাগাদ ৪০০টির বেশি নিয়ন্ত্রণকেন্দ্রে আবহাওয়াসহ গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত পুরোনো ফ্লপি ডিস্ক প্রতিস্থাপন করা হবে। সংস্থাটি এখনও কয়েক দশক পুরোনো কমপ্যাক কম্পিউটার এবং ইবে থেকে কেনা যন্ত্রাংশের ওপর নির্ভরশীল।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ঘনবসতিপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছিল। ফিলাডেলফিয়ার একটি উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রে সার্কিটের ত্রুটি এবং নিউ জার্সিতে নির্মাণকাজের সময় ফাইবার-অপটিক তার কেটে যাওয়ায় ওই বিপর্যয় ঘটে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!