সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালি থেকে এবার মার্কিন ডেস্ট্রয়ারের ‘পিছু হটার’ ভিডিও প্রকাশ করল ইরান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:০৭ পিএম

হরমুজ প্রণালি থেকে এবার মার্কিন ডেস্ট্রয়ারের ‘পিছু হটার’ ভিডিও প্রকাশ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই রুটে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে পাল্টাপাল্টি দাবি-প্রতিদাবির মধ্যেই এবার একটি ভিডিও প্রকাশ করেছে ইরান। এতে দেখা যাচ্ছে, আইআরজিসির সতর্কবার্তার পর মার্কিন ডেস্ট্রয়ারগুলো সরে যাচ্ছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সি বলছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একটি ভিডিও প্রকাশ করেছে এবং ওই ভিডিওতে হরমুজ প্রণালির পূর্বাংশে আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তার পর মার্কিন ডেস্ট্রয়ারগুলোকে সরে যেতে দেখা যাচ্ছে।
রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি অতিক্রমের যেকোনও সামরিক প্রচেষ্টার জবাব কঠোরভাবে দেয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, নির্দিষ্ট শর্তসাপেক্ষে কেবল বেসামরিক জাহাজগুলোকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেয়া হচ্ছে।
একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত মার্কিন জাহাজ প্রণালি অতিক্রম করেছে এমন খবরও অস্বীকার করেছে আইআরজিসি। এর আগে, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর দাবি সরাসরি নাকচ করে দেয় ইরানের সশস্ত্র বাহিনী।
খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র জানিয়েছেন, ‘মার্কিন জাহাজগুলো হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে বা প্রবেশ করছে বলে সেন্টকম কমান্ডার যে দাবি করেছেন সম্পূর্ণভাবে ভিত্তিহীন।’এর আগে সেন্টকম দাবি করেছিল, ১১ এপ্রিল থেকে তাদের বাহিনী হরমুজ প্রণালিতে মাইন অপসারণের প্রস্তুতি নিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার সেখানে কার্যক্রম পরিচালনা করেছে।
এদিকে মার্কিন সামরিক বাহিনী বলেছে, সোমবার (১৩ এপ্রিল) থেকে তারা ইরানি বন্দরগুলো অবরোধ করা শুরু করবে। তবে হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচলে তারা ‘বাধা সৃষ্টি করবে না’ বলে জানিয়েছে।
জবাবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান হুমকির মুখে ‘নতি স্বীকার করবে না’। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে ইরানি বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়ার ট্রাফিক অবরোধ সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১০টা অর্থাৎ বাংলাদেশ সময় রাত আটটা থেকে শুরু হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানের ‘ইচ্ছাকৃত ব্যর্থতার’ জবাবে তিনি এই নির্দেশ দিয়েছেন। তিনি আরও সতর্ক করেছেন যে মার্কিন নৌবাহিনী তাদের ওপর হামলাকারী যেকোনও ইরানিকে ‘উড়িয়ে দেবে’ এবং ইরানকে ট্রানজিট টোল প্রদানকারী সব জাহাজকে আটক করবে।
এই উত্তেজনার ফলে তেলের দাম আবারও বেড়ে ১০০ ডলারের উপরে উঠেছে। পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরই এই পরিস্থিতির সৃষ্টি হয়। ট্রাম্প জানিয়েছেন, ইসলামাবাদে ইরানের সাথে সরাসরি আলোচনা ব্যর্থ হয়েছে কারণ ‘ইরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে অনিচ্ছুক’।
জবাবে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, হরমুজ প্রণালির দিকে যেকোনও সামরিক জাহাজের অগ্রসর হওয়া বর্তমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। ফাইল ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!