শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৮:৫৭ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে ৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেইলি খ্র ডেস্ক: কয়েক ঘণ্টার অচলাবস্থা (গ্রাউন্ড স্টপ) কাটিয়ে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। এই ফ্লাইট বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলা বা মাইক্রোসফটের বড় কোনো কারিগরি ত্রুটির (আউটেজ) সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, দেশের আকাশসীমা এখন পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। ভ্রমণকারীদের এই ভোগান্তি ও ফ্লাইট বিপর্যয়ের জন্য তিনি ‘পুরোনো হার্ডওয়্যার’ বা যন্ত্রাংশের ত্রুটিকে দায়ী করেছেন।

এর আগে এফএএ জানিয়েছে, টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাট দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের কারণে প্রায় ৭ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে বা বাতিল হয়েছে। অন্যদিকে ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, উড্ডয়ন বন্ধের নির্দেশ দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরের উদ্দেশে আকাশে ছিল ৪ হাজার ৪২টি উড়োজাহাজ।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন সাংবাদিকদের বলেছেন, ফ্লাইট বন্ধের পেছনে দেশটির নিরাপত্তার জন্য কোনো হুমকি ছিল, এমন ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি বলেন, ‘সবাই নিরাপদে আছেন। সব ফ্লাইটের অবস্থান সম্পর্কে আমাদের তথ্য রয়েছে। এটি আরেকটি ৯/১১ নয়।’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

উড়োজাহাজ নিয়ন্ত্রকদের সহায়তায় চালুর পরিকল্পনা থাকা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির কারণে এই সমস্যা হয়েছে কি না, জানতে চাইলে মুলিন বলেন, তদন্তের এ পর্যায়ে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, এফবিআইয়ের ধারণা, সাইবার হামলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এই বিভ্রাট ঘটেনি। তদন্তকারীরা কোনো সফটওয়্যার আপডেটের কারণে সমস্যা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন। তবে এখনও বিভ্রাটের প্রকৃত কারণ জানা যায়নি।

এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ডেমোক্র্যাটিক সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আকাশপথের নিরাপত্তা একাধিক বিকল্প ব্যবস্থার ওপর নির্ভরশীল। দেশজুড়ে ফ্লাইট বন্ধের পেছনে যে কারণই থাকুক, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। এফএর কাছ থেকে জবাবদিহি চাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা সমস্যা দেখা যাচ্ছে। পুরোনো অবকাঠামো, যন্ত্রপাতির ত্রুটি, যোগাযোগে বিঘ্ন এবং পর্যাপ্ত উড়োজাহাজ নিয়ন্ত্রকের অভাব নিয়ে চাপের মধ্যে রয়েছে এফএএ।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!