ডেইলি খবর ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বজায় থাকলে কেবল হরমুজ প্রণালিই নয়, অন্যান্য কৌশলগত সামুদ্রিক পথও সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার তীব্র হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন যদি নৌ-অবরোধ নীতি অব্যাহত রাখে, তবে তেহরান বিশ্ব জ্বালানি সরবরাহ পথ আরও কঠোরভাবে অবরুদ্ধ করতে বাধ্য হবে। খবর আলজাজিরার।
বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়, ইরান নির্দিষ্ট কোনো প্রণালির নাম উল্লেখ না করলেও বিশ্লেষকরা ধারণা করছেন, তেহরানের ঘনিষ্ঠ মিত্র হুতিদের নিয়ন্ত্রণে থাকা বাবেল মানদেব প্রণালি ও এডেন উপসাগরও এই অবরুদ্ধকরণের আওতায় আসতে পারে।
নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সরাসরি মার্কিন ভোটার ও সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, বিশ্ব জ্বালানি বাজারে যেকোনো ধরনের বিপর্যয় অনিবার্যভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানির দাম বহুগুণ বাড়িয়ে দেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানের শক্তি অবকাঠামোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যৌথ বিমান হামলার গুঞ্জনের মধ্যেই ওয়াশিংটনকে মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক চাপে রাখতেই তেহরান এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে।
ইরানের এই হুমকির জবাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে নতুন করে বড় ধরনের অনিশ্চয়তা তৈরির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :