মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

গাজায় ফের ইসরায়েলি হামলায় শিশুসহ ৫ ফিলিস্তিনি নিহত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১২:০৭ এএম

গাজায় ফের ইসরায়েলি হামলায় শিশুসহ ৫ ফিলিস্তিনি নিহত

ডেইলি খবর ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজায় তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলায় দুই শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার ঠিক কয়েক দিন আগে স্কুলের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে একটি গাড়িতে করে ফেরার পথে ইসরায়েলি হামলায় সাত বছর বয়সী ওয়াফা আকিলা এবং তার বাবা নিহত হন।

কয়েক ঘণ্টা পর, দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত ‘সাকিনা স্কুলে’ ইসরায়েলি কামানের গোলাবর্ষণে প্রথম শ্রেণির ছাত্র সাদি ঘালিয়া নিহত হয়।

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বিশ্বজুড়ে শিশুরা যখন নতুন শিক্ষাবর্ষের জন্য প্রস্তুত হচ্ছে, তখন গাজায় শিশুরা হত্যা ও ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। এছাড়া আগের ইসরায়েলি হামলায় গুরুতর আহত আরও দুজন ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৩৫২ জন নিহত এবং ৪ হাজার ৫১১ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৬৫৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ৬২২ জন আহত হয়েছেন। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!