ডেইলি কবর ডেস্ক: উপসাগরীয় অঞ্চলে ইরান ও দেশটির মিত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতির আশঙ্কা জানিয়ে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
দূতাবাসগুলোর সতর্কবার্তায় সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটার আশঙ্কার কথা বলা হয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত ও এ অঞ্চলে যাতায়াতের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের আগাম বিকল্প পরিকল্পনা রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের মার্কিন দূতাবাস এক নিরাপত্তা সতর্কবার্তায় জানায়, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে বেসামরিক মানুষ হতাহত হওয়ার পাশাপাশি ভ্রমণেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, এই শত্রুতা দ্রুত সংশ্লিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। হুথি বিদ্রোহীরা দ্রুত সংঘাতের মাত্রা বাড়াতে পারে। অতীতে সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার ঘটনাও সতর্কবার্তায় তুলে ধরা হয়েছে।
মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ইরান ও দেশটির সমর্থক গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা ব্যক্তিদের লক্ষ্যবস্তু করতে পারে। এর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে।
মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও উড়োজাহাজ সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে নিয়মিত খোঁজ রাখতে এবং সম্ভাব্য ভ্রমণ জটিলতা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরোর সরকারি ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট দেশগুলোর সর্বশেষ নিরাপত্তা সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘাত সাম্প্রতিক সময়ে বেড়েছে। গত কয়েক দিনে জোটটি ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে রাজধানী সানাও রয়েছে।
অন্যদিকে, সৌদি আরবের তেল স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আরও হামলার হুমকি দিয়েছে হুথিরা। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফাইর ছবি,সূত্র : আনাদোলু এজেন্সি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :