সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সৌদির ৯৯ তলা ‘কিংডম সেন্টার’ হুতি হামলার ভয়ে বন্ধ ঘোষণা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০৫:৩২ পিএম

সৌদির ৯৯ তলা ‘কিংডম সেন্টার’ হুতি হামলার ভয়ে বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি গোষ্ঠীর লাগাতার হামলার মুখে রাজধানী রিয়াদের একটি বহুতল ভবন বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। ৯৯ তলাবিশিষ্ট আইকনিক কিংডম সেন্টারের কর্মীদের আপাতত বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। খবর নিউ স্ট্রেইটস টাইমসের।তবে আদেশের ক্ষেত্রে কোনও সুনির্দিষ্ট কারণ দর্শানো হয়নি। রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলায় ১৩ জন নিহত হওয়ার সপ্তাহখানেক পর এই নির্দেশ এলো।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যেই সৌদি জোট ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যকার এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়েছে। দুই পক্ষই নিয়মিত হামলা-পাল্টা হামলার তথ্য দিচ্ছে।

জানা গেছে, রিয়াদের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই কিংডম সেন্টারে আর্থিক সেবা সংস্থা মেরিল লিঞ্চ, ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যালয় রয়েছে।

বার্তা সংস্থা এএফপির হাতে আসা এক ইমেইলে ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কিংডম সেন্টারের সব কার্যালয়ের কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হচ্ছে।’ এতে আরও বলা হয়, ‘দয়া করে এই সময়ে অফিসে আসা থেকে বিরত থাকুন।’ তবে ভবনের নিচের অংশে অবস্থিত শপিং মলটি যথারীতি খোলা রয়েছে।

সম্প্রতি সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ভার্চুয়াল ক্লাসের মেয়াদ বাড়ানো হয়েছে। গত সপ্তাহের হামলার পর থেকে রিয়াদের বিমানবন্দরটি এখনও বন্ধ রয়েছে। তার মাঝেই বহুতল এই ভবনটি নিয়ে নতুন এই নির্দেশনা এলো।

এর আগে সৌদি আরবে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের দাবি করে হুতিরা। তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, ইয়েমেন সীমান্তবর্তী নাজরানে ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে তাদের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!