ডেইলি খবর ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং এই দুই দেশের মিত্র দেশগুলোর বন্দর অভিমুখে থাকা ও বন্দরগুলো থেকে ছেড়ে আসা বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
আজ শুক্রবার (২৭ মার্চ) আইআরজিসি এক বার্তায় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এবং তাদের মিত্র দেশগুলোর বন্দরে যাতায়াতকারী জাহাজের জন্য এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ থাকবে।
এদিকে, আরেক বার্তায় আজ শুক্রবার আইআরজিসি মধ্যপ্রাচ্যজুড়ে থাকা সাধারণ মানুষকে মার্কিন বাহিনীর অবস্থানের কাছাকাছি এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তাদের হুমকির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়া অথবা তাদের জ্বালানি স্থাপনা ধ্বংসের মুখোমুখি হওয়ার যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তা শুক্রবার থেকে বাড়িয়ে ৬ এপ্রিল পর্যন্ত করার পরপরই আইআরজিসির এই সতর্কতা এলো।
ট্রাম্প বলেছেন, তেহরানের অনুরোধেই তিনি এটি করেছেন এবং পাশাপাশি তিনি দাবি করেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে প্রথম হামলা চালানোর পর থেকে অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া এই যুদ্ধ বন্ধে ইসলামি প্রজাতন্ত্রটি ‘একটি সমঝোতায় আসতে চায়’।
তবে ইরানের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি; বরং তারা নিজেদের শর্তেই যুদ্ধ শেষ করতে চায়। পাশাপাশি ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের লক্ষ্যবস্তুগুলোতে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে।
ইরানি সামরিক বাহিনী অঞ্চলজুড়ে মার্কিন সৈন্যদের আবাসন হিসেবে ব্যবহৃত হোটেলগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পরেই সাধারণ মানুষের উদ্দেশে তারা বলে, ‘আমরা আপনাদের অনুরোধ করছি জরুরি ভিত্তিতে সেইসব স্থান ত্যাগ করুন যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়।’ এই সতর্কতার মধ্যেই কুয়েত জানিয়েছে, ভোরে ড্রোন হামলায় তাদের প্রধান বাণিজ্যিক সমুদ্রবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইআরজিসি আরও জানিয়েছে,শত্রু ভাবাপন্ন বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের জন্য হরমুজ প্রণালি ‘বন্ধ’ এবং তারা পারাপারের চেষ্টাকারী তিনটি জাহাজকে ফিরিয়ে দিয়েছে। নিজেদের `সেপাহ নিউজ` ওয়েবসাইটে বিপ্লবী গার্ড বাহিনী জানায়, ‘আজ সকালে হরমুজ প্রণালি খোলা রয়েছে বলে মার্কিন দুর্নীতিবাজ প্রেসিডেন্টের মিথ্যা দাবির পর, বিভিন্ন দেশের তিনটি কন্টেইনার জাহাজকে নৌবাহিনীর সতর্কতার পর ফিরিয়ে দেওয়া হয়েছে।’সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :