আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার এ তথ্য জানান।
সাংবাদিকদের পাঠানো এক অডিও বার্তায় জেলেনস্কি বলেন, সর্বশেষ বৈঠকে ট্রাম্প তাকে জানিয়েছেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
রাশিয়ার বাড়তে থাকা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি রয়েছে। বিশেষ করে রাশিয়ার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্যাট্রিয়ট ব্যবস্থা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে দেশটি।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের সময় জেলেনস্কি আবারও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে সহায়তা চেয়েছেন। শীত মৌসুম সামনে রেখে দ্রুত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তিনি।
জেলেনস্কি এর আগে বলেছিলেন, শীতকাল পার করতে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের মোট প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের প্রায় ৫ শতাংশ প্রয়োজন। রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে প্রয়োজন হতে পারে প্রায় ১০ শতাংশ।
তবে লাইসেন্স দেওয়া হলেও ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অবকাঠামো গড়ে তুলতে এক বছরের বেশি সময় লাগতে পারে। ফলে এই উদ্যোগ ইউক্রেনের তাৎক্ষণিক ক্ষেপণাস্ত্রের ঘাটতি পূরণ করতে পারবে না।
এর আগে জুলাইয়ে ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেছিলেন। পরে তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে বলে অবস্থান পরিবর্তন করেন।
এদিকে শুক্রবার রাশিয়ার একটি ড্রোন কিয়েভের একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ১৪ বছরের এক কিশোর নিহত হয়। ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাশিয়া এখন দিনের বেলাতেও কিয়েভে ড্রোন হামলা চালাচ্ছে।
জেলেনস্কি হামলার নিন্দা করে এটিকে সামরিক দিক থেকে যুক্তিহীন ও ভয়াবহ হামলা বলে মন্তব্য করেছেন।
হামলায় ভবনটির নবম ও দশম তলার কয়েকটি অ্যাপার্টমেন্ট পুড়ে যায়। ঘটনাস্থলে বাসিন্দাদের জড়ো হতে দেখা যায় বলে জানিয়েছে এএফপি।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা এলাকায় একটি ডাকঘরেও হামলা চালানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় আরও একজন নিহত হয়েছেন।সংগৃহীত ছবি সূত্র: ইউরোনিউজ ও এএফপি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :