মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে ‘ইউএসএস রুজভেল্ট’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ?আল জাজিরার বিশ্লেষণ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৬:৩৪ পিএম

মধ্যপ্রাচ্যে ‘ইউএসএস রুজভেল্ট’ : আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ?আল জাজিরার বিশ্লেষণ

ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় চালুর কূটনৈতিক প্রচেষ্টা অনেকটাই স্থবির হয়ে আছে। এরমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের তৃতীয় বিমানবাহী রণতরীমোতায়েন করেছে। সোমবার (১৬ নভেম্বর) এক মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানান, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরীইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে। এর মধ্য দিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বপূর্ণ এলাকায় সক্রিয় রণতরীর সংখ্যা বেড়ে হলো তিনটি।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান গত এপ্রিলে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল এবং জুনে একটি বিস্তৃত সমঝোতা স্মারক ঘোষণা করেছিল, যা জুলাইয়ের শুরুতে ভেস্তে যায়। এরপর থেকে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা মার্চ মাসের মতো পূর্ণাঙ্গ পাল্টাপাল্টি হামলার পুনরাবৃত্তি ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর জানান, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা ‘খুব একটা সম্ভাবনাময় নয়’ এবং যুদ্ধের সামরিক অধ্যায় ‘কার্যকরভাবে শেষ হয়েছে’। তবে পরিস্থিতি বদলালে মার্কিন সামরিক বাহিনী ‘প্রস্তুত’ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইউএসএস থিওডোর রুজভেল্ট রণতরী

২৬তম মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের নামে নামকরণ করা এই পারমাণবিক রণতরী ১৯৮৬ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হয়। এতে পাঁচ হাজারেরও বেশি সেনাসদস্য এবং এফ-১৮ সুপারসনিক মাল্টিস্নোয়ার ফাইটারসহ ৬০টির বেশি বিমান রয়েছে। এটি ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ ও ২০০৩ সালের ইরাক যুদ্ধেও অভিযান পরিচালনা করেছিল। সেপ্টেম্বর মাসে সান ডিয়েগো ঘাঁটি ছেড়ে আসা এই রণতরীগত ১৫ নভেম্বর মধ্যপ্রাচ্যে এসে পৌঁছায়, যদিও পেন্টাগন বা সেন্টকম আনুষ্ঠানিকভাবে এর আগমন এখনও নিশ্চিত করেনি।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি

রুজভেল্টের আগমনসহ বর্তমানে অঞ্চলে মার্কিন বিমানবাহী স্ট্রাইক গ্রুপের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে; অপর দুটি হলো ইউএসএস জর্জ ওয়াশিংটন এবং ইউএসএস জর্জ ডব্লিউ এইচ বুশ। এছাড়া মারিন এক্সপেডিশনারি ফোর্সসহ অতিরিক্ত সেনা ও প্রায় ১২০টির বেশি যুদ্ধবিমান যুদ্ধ শুরুর পর থেকে এ অঞ্চলে মোতায়েন করা হয়েছে, যা ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর মার্কিন বিমানবাহিনীর সবচেয়ে বড় শক্তি বৃদ্ধি। মধ্যপ্রাচ্যে স্থায়ী ও অস্থায়ী ঘাঁটিতে বর্তমানে ৪০ হাজার থেকে ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

ইরানের প্রতিক্রিয়া

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, দেশ ‘মার্কিন আক্রমণের জন্য বসে থাকবে না’। তিনি বলেন, ইরান কিউবা বা ভেনেজুয়েলা নয় যে তাদের অবরুদ্ধ বা আত্মসমর্পণ করানো যাবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার বৈঠকে আঞ্চলিক জ্বালানি সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসন মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তাকে হুমকিতে ফেলছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধাক্কার পর প্রশাসন দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ কাজ করছে, ফলে বড় সামরিক অভিযানের প্রয়োজন নেই। তবে ট্রাম্প মিশ্র বার্তা দিয়ে বলেছেন, হরমুজ প্রণালিতে নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে।

অন্যদিকে যুদ্ধ শেষ করতে ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে-নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত তহবিল ফেরত, সব প্রান্তে লড়াই বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।

সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি রিসার্চের সহ-সভাপতি রশিদ আল-মোহানাদির মতে, পুরো অঞ্চল যখন পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে মধ্যস্থতা চালাচ্ছে, তখন দুই পক্ষই নিজেদের দর কষাকষির ক্ষমতা বা লিভারেজ বেশি বলে মনে করছে। আর এই বিপরীতমুখী অবস্থানের কারণেই কূটনৈতিক সমাধান অর্জন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।ফাইর ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!