মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ:মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, যে অবস্থান নিলো বাংলাদেশ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৯:৩০ এএম

জাতিসংঘ:মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, যে অবস্থান নিলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক: মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শুক্রবার (১৩ নভেম্বর) মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে গৃহীত হয়।

ভারতের পাশাপাশি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার ও সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ।

প্রস্তাবে মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি দেশের নিজস্ব আইনব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকারের কথাও স্বীকার করা হয়েছে।এতে সব দেশকে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এর চূড়ান্ত লক্ষ্য মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের আবার এই শাস্তি চালু না করার আহ্বানও জানানো হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

এ ছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ করা ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরাধের সময় কারও বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা না গেলেও মৃত্যুদণ্ড না দেয়ার কথা বলা হয়েছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!