মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে এবার ইরানের হামলা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১২:১৬ পিএম

দুবাই বন্দরে  কুয়েতি তেলবাহী ট্যাংকারে এবার ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধেও মধ্যে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই বন্দরে এবার একটি কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের দাবি, ইরানের সরাসরি হামলায় জাহাজটিতে আগুন লাগে এবং ক্ষয়ক্ষতি হয়। এতে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। খবর আল জাজিরা
কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানরত কুয়েতি তেলবাহী ট্যাংকার ‘আল-সালমি’ ইরানের ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলার শিকার হয়েছে।কুয়েত নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, হামলার সময় ট্যাংকারটি পুরোপুরি তেলে পূর্ণ ছিল। হামলায় জাহাজটির কাঠামোয় ক্ষতি হয় এবং এতে আগুন ধরে যায়।
কেপিসি জানিয়েছে, এই হামলার ফলে আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।কর্মকর্তারা জানিয়েছেন,ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা খতিয়ে দেখা ও বিস্তারিত মূল্যায়নের কাজ চলছে।
এদিকে দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তাদের পানিসীমায় একটি ড্রোন ও কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলার একটি ঘটনা ঘটেছে, তবে এতে কেউ আহত হয়নি। দুবাই মিডিয়া অফিস জানায়, ‘সামুদ্রিক অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
পরে তারা জানায়, ট্যাংকারে থাকা ২৪ জন নাবিকের সবাই নিরাপদ রয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে অভিযান চলছে। পরবর্তীতে দুবাই মিডিয়া অফিস জানায়, জরুরি সেবা দল সফলভাবে ‘আল-সালমি’ ট্যাংকারের আগুন নিভিয়েছে।তারা জানায়, সংশ্লিষ্ট দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
আল জাজিরা বলছে, এদিন তেলবাহী জাহাজে হামলার এটি দ্বিতীয় ঘটনা ছিল। এর আগে সংযুক্ত আরব আমিরাতের উত্তর-পশ্চিমে ৩১ নটিক্যাল মাইল দূরে একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হানার খবর পাওয়া যায়, তবে সেখানেও সবাই নিরাপদ ছিলেন।
কুয়েতি ট্যাংকারে হামলার বিষয়টি বিশেষ উদ্বেগের কারণ, কারণ এটি পুরোপুরি তেলে ভর্তি ছিল এবং এতে আগুন ধরে যাওয়ায় তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
একই দিনে সৌদি আরবেও উত্তেজনা দেখা যায়। কর্মকর্তারা জানান, দেশটিতে ১০টির বেশি ড্রোন ও ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর বেশিরভাগই পূর্বাঞ্চলের জ্বালানি স্থাপনা এবং আল-খারজ এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি প্রিন্স সুলতানকে লক্ষ্য করে ছোড়া হয়। এছাড়া রাজধানী রিয়াদ এলাকাতেও চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ছবি: সংগৃহীত

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!