ডেইলি খবর ডেস্ক: শক্তিশালী দুটি ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের আর্তনাদ উদ্ধারকর্মীদের সামনে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়ায় নিখোঁজ মানুষের সন্ধানে কাজ করছে উদ্ধারকারী দল। বৃহস্পতিবার আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এমন চিত্র উঠে আসছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের পর মুহূর্তেই বহু ভবন মাটিতে ধসে পড়ে। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখনো সাহায্যের আকুতি ও আর্তনাদ শোনা যাচ্ছে।
উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্নের কারণে উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জ দেখা দিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সতর্ক করেছে, এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে। যদিও ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এখনো হতাহত ও ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি। আন্তর্জাতিক সহায়তার হাতও বাড়তে শুরু করেছে। বিভিন্ন দেশ উদ্ধারকর্মী, চিকিৎসা সহায়তা ও ত্রাণসামগ্রী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সংকটময় এই পরিস্থিতিতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান।
এদিকে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জন্য উদ্ধার সহায়তার প্রস্তাব দিয়েছে এল সালভাদর। দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভেনেজুয়েলাকে সহায়তার প্রস্তাব পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বুকেলে বলেন, ৩০০ জন উদ্ধারকর্মী ও প্যারামেডিক, ৫০ টন সরঞ্জাম, ওষুধ এবং জরুরি ত্রাণসামগ্রী নিয়ে কারাকাসের উদ্দেশে রওনা হতে প্রস্তুত রয়েছে।
এর আগে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে।
এল সালভাদরের এই উদ্যোগকে ভূমিকম্প-পরবর্তী মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে, আরও কিছু দেশ জরুরি উদ্ধার অভিযানে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :