রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনাম যুদ্ধ থামিয়েছিল মার্কিন কংগ্রেস, এবার ট্রাম্পের ইরান যুদ্ধও কি পারবে?

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১১:৩৪ পিএম

ভিয়েতনাম যুদ্ধ থামিয়েছিল মার্কিন কংগ্রেস, এবার ট্রাম্পের ইরান যুদ্ধও কি পারবে?

ডেইলি খবর ডেস্ক: ২০২৭ সালের ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু না হওয়া পর্যন্ত বর্তমান কংগ্রেস মার্কিন ক্যাপিটলে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। ফাইল ছবি : এএফপি
মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধবিরোধী অবস্থান নিয়ে বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। নতুন কংগ্রেসে দায়িত্ব নেওয়ার আগেই এবার ‘অর্থের ওপর নিয়ন্ত্রণ’ প্রয়োগ করে ইরানে মার্কিন হামলা থামাতে চান দলটির নেতারা। ১৯৭৩ সালে যেভাবে অর্থায়ন বন্ধ করে ভিয়েতনাম যুদ্ধ থামানো হয়েছিল, ইরানের ক্ষেত্রেও কি সেই কৌশল সফল হবে? নাকি ট্রাম্পের ভেটো ক্ষমতা আর শাটডাউনের জুজুতে আটকে যাবে ডেমোক্র্যাটদের এই পরিকল্পনা?

ডেমোক্র্যাটরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের জন্য বাধ্য করার পরিকল্পনা করছেন এবং এটি সম্ভবত ডিসেম্বর মাসের মধ্যেই করতে চান তারা। তবে আশঙ্কা রয়েছে, তাদের এই পদক্ষেপের ফলে সরকারি কার্যক্রম বন্ধ (গভর্নমেন্ট শাটডাউন) হয়ে যেতে পারে এবং খাদ্য ও জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির সংকট আরও বাড়তে পারে। খবর আল জাজিরার।

চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্র্যাটিক পার্টি সংঘাত অবসানের প্রতিশ্রুতি দিয়েছিল। যুদ্ধের কারণে জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে দলটির যুদ্ধবিরোধী অবস্থান নির্বাচনে তাদের বড় ধরনের বিজয়ে ভূমিকা রেখেছে।

রিপাবলিকানদের শক্ত ঘাঁটিসহ বেশ কয়েকটি আসনে জয়লাভের মাধ্যমে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি সভা—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অনেক আইনপ্রণেতা বলেছেন, ৩ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর তারা যুদ্ধের জন্য নতুন কোনো অর্থ বরাদ্দ পাস করবেন না।

তবে ডেমোক্র্যাট নেতাদের কেউ কেউ নতুন কংগ্রেসের কার্যক্রম শুরুর আগেই ‘অর্থের ওপর নিয়ন্ত্রণ’ প্রয়োগ করে ইরানে মার্কিন হামলা থামানোর প্রস্তুতি নিচ্ছেন। তাদের নজর এখন সময়সীমা ১১ ডিসেম্বরের দিকে। এই তারিখের মধ্যে কংগ্রেসকে কিছু ফেডারেল সংস্থার তহবিল অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ বিল পাস করতে হবে। এ বিষয়ে যা জানা গেছে—

ইরানের বিরুদ্ধে যুদ্ধ অবসানের বিষয়ে ডেমোক্র্যাটিক সিনেটররা কী বলেছেন?

ডেমোক্র্যাটরা এর আগেও বেশ কয়েকবার প্রস্তাবের মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন, তবে সফল হননি। গত সপ্তাহে এক যৌথ বিবৃতিতে প্রতিনিধি পরিষদের সদস্য ইয়াসমিন আনসারি ও রো খান্না ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন, তারা যেন তহবিল বরাদ্দের সময়সীমাকে কাজে লাগিয়ে নিশ্চিত করেন যে, ‘করদাতাদের আর একটি পয়সাও যেন এই সংঘাত দীর্ঘায়িত করার কাজে ব্যয় না হয়’।

এই প্রতিনিধিরা মূলত একটি তহবিল প্যাকেজের কথা বলছেন, যা নিয়ে কংগ্রেসকে ১১ ডিসেম্বর পর্যন্ত আলোচনা করে পাস করতে হবে। এই প্যাকেজটি প্রতিরক্ষা ও অন্যান্য খাতে সরকারি কার্যক্রম সচল রাখার জন্য তৈরি করা হয়েছে। প্রতিনিধিরা বলেছেন, কংগ্রেসের উচিত ‘এমন যেকোনো তহবিল প্যাকেজের বিরোধিতা করা, যেখানে স্পষ্টভাবে উল্লেখ নেই যে, এই অর্থ ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানে ব্যবহার করা যাবে না।’

এই প্যাকেজ পাস করতে ব্যর্থ হলে ফেডারেল সংস্থাগুলোর তহবিল বন্ধ হয়ে যাবে এবং ১২ ডিসেম্বর থেকে সরকারি কার্যক্রম অচল (শাটডাউন) হয়ে পড়বে।

সহকর্মীদের উদ্দেশে দেওয়া এক খোলা বিবৃতিতে এই দুজন প্রতিনিধি লেখেন, ‘৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের জনগণ অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে—তারা ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া ইরান যুদ্ধের অবিলম্বে অবসান চায়। এই যুদ্ধ বন্ধের দাবির পরিপন্থি কোনো পদক্ষেপ নেওয়া হবে আমেরিকান জনগণের ইচ্ছার অবমাননা, যারা এখনই এই যুদ্ধের সমাপ্তি চায়।’ এর সঙ্গে সম্পৃক্ত একটি ভিডিওতে রো খান্না উল্লেখ করেন, কংগ্রেস ঠিক একই পদ্ধতি ব্যবহার করে ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছিল।

নতুন কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার দৌড়ে রয়েছেন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। তিনি গত সপ্তাহে এক বিবৃতিতে বলেন, পাস হওয়া যেকোনো বিলে এমন শর্ত অন্তর্ভুক্ত থাকতে হবে, যা ট্রাম্প প্রশাসনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বরাদ্দকৃত অর্থ ব্যবহার করা থেকে বিরত রাখবে।

সিনেটর ট্যামি ডাকওয়ার্থ, মাইকেল বেনেট এবং স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সও এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

আইনপ্রণেতারা কি ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তি ঘটাতে বাধ্য করেছিলেন?

পরোক্ষভাবে হ্যাঁ। যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার মাধ্যমে তারা ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটাতে বাধ্য করেছিলেন। এই যুদ্ধটি কমিউনিস্ট উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে ১৯৫৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত চলেছিল। যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামকে সমর্থন দিয়েছিল এবং শুরুতে কেবল সামরিক উপদেষ্টা ও সহায়তা পাঠিয়েছিল।

১৯৬৪ সালে গালফ অব টঙ্কিনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর একটি দল অভিযোগ করে, উত্তর ভিয়েতনাম তাদের ওপর সরাসরি হামলা চালিয়েছে। এরপর কংগ্রেস একটি প্রস্তাব পাস করে, যার মাধ্যমে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসনকে যুদ্ধ ঘোষণা না করেই সেনা পাঠানোর ক্ষমতা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র তখন পাঁচ লাখেরও বেশি সেনা মোতায়েন করে এবং উত্তর ভিয়েতনামের ওপর নির্বিচারে ধ্বংসাত্মক বোমা হামলা শুরু করে।

তবে সংঘাত দীর্ঘায়িত হতে থাকলে এবং বিপুল প্রাণহানির কারণে মার্কিন সৈন্যদের মনোবল ভেঙে পড়তে শুরু করলে, যুদ্ধটি ক্রমশ জনগণের কাছে অপ্রিয় হয়ে ওঠে। মার্কিন সেনাবাহিনীর গণধর্ষণ ও গণহত্যাসহ বিভিন্ন নৃশংসতার ঘটনা জনগণের সমর্থনকে আরও কমিয়ে দিয়েছিল। ১৯৭৩ সালে কংগ্রেস ‘গালফ অব টঙ্কিন রেজল্যুশন’ বাতিল করে এবং মার্কিন বাহিনীকে দেশে ফেরার নির্দেশ দেয়।

এরপর প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রশাসন মার্কিন সামরিক দায়িত্ব দক্ষিণ ভিয়েতনামের বাহিনীর কাছে হস্তান্তর করতে শুরু করে, তবে একই সঙ্গে বোমা হামলাও অব্যাহত রাখে। ১৯৭৩ সালের জুন মাসে কংগ্রেস ‘কেস-চার্চ সংশোধনী’ পাস করে। এতে অনুমোদিত ফেডারেল তহবিল সরাসরি বা পরোক্ষভাবে যুদ্ধের কাজে ব্যবহার করা বন্ধ হয়ে যায়। কংগ্রেসের উভয় কক্ষের দুই-তৃতীয়াংশেরও বেশি আইনপ্রণেতা এই বিল পাসের পক্ষে ভোট দেন। এতে প্রেসিডেন্ট নিক্সন ভেটো ক্ষমতা প্রয়োগ করেও বিলটি বাতিল করতে পারেননি।

এ ছাড়া আইনপ্রণেতারা ‘ওয়ার পাওয়ার্স রেজল্যুশন’ পাস করেন। এই আইন অনুযায়ী, জরুরি অবস্থা ছাড়া অন্য যেকোনো পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণার আগে প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে। নিক্সন এতে ভেটো দিয়েছিলেন, কিন্তু ১৯৭৩ সালের নভেম্বরে কংগ্রেস তার সেই ভেটোকে নাকচ করে দেয়।

যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় ১৯৭৫ সালের এপ্রিলে দক্ষিণ ভিয়েতনামের সরকারের পতন ঘটে।

সব ডেমোক্র্যাট কি সরকারি অর্থায়ন বন্ধ করতে ইচ্ছুক?

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য কংগ্রেসের কাছে অনুমোদন না চাওয়ায় ট্রাম্প প্রশাসনের ওপর ক্ষুব্ধ হয়েছিল ডেমোক্র্যাটরা, অথচ সংবিধান অনুযায়ী এই ক্ষমতাটি কংগ্রেসের হাতেই ন্যস্ত। তবে সব ডেমোক্র্যাট যুদ্ধ অবসানের লক্ষ্যে সরকারি কার্যক্রম পুরোপুরি বন্ধ (শাটডাউন) করার বিষয়টিকে সমর্থন করেন না।

ডেমোক্র্যাটিক প্রতিনিধি রোজা ডেলোরো নতুন কংগ্রেসে প্রভাবশালী ‘হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি’র (যা অর্থায়ন আটকে দিতে পারে) সভাপতিত্ব করবেন। মধ্যবর্তী নির্বাচনের আগে সিবিএস নিউজকে বলেছিলেন, তিনি যুদ্ধের জন্য ‘অর্থায়ন বন্ধ করার’ বিষয়টিকে সমর্থন করবেন।

তবে রোজা ডেলোরো সরকারি কার্যক্রম পুরোপুরি বন্ধ করার পক্ষে নন। তিনি বরং এক বছর মেয়াদি অর্থায়ন প্যাকেজের পরিবর্তে স্বল্পমেয়াদি অর্থায়ন বাড়ানোর প্রস্তাবকে সমর্থন করার কথা জানিয়েছেন। গত বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয় আমেরিকান জনগণ চায়—আমরা যেন এই যুদ্ধের অবসান ঘটাই। তবে আমার এটাও মনে হয়, আমেরিকান জনগণ হয়তো বিশ্বাস করে না যে সরকারি কার্যক্রম বন্ধ করে দিলেই যুদ্ধের সমাপ্তি ঘটবে।’

ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস জানুয়ারি মাসে হাউস স্পিকার হতে পারেন। তিনি ও সিনেট মাইনরিটি লিডার চাক শুমার—কেউই এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অবস্থান নেননি।

প্রেসিডেন্ট কি তার ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন?

হ্যাঁ, পারেন। কারণ রিপাবলিকানরা আরও ছয় সপ্তাহ কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকবে। এ ছাড়া কংগ্রেসে ডেমোক্র্যাটদের কাছে প্রেসিডেন্ট ভেটোকে নাকচ করার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই।

সিনেটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ১০০ জন সিনেটরের উপস্থিতিতে ৬৭টি ভোটের প্রয়োজন হয়। এমনকি নতুন কংগ্রেসেও, যেখানে ডেমোক্র্যাটদের ৫৬-৪৪ সংখ্যাগরিষ্ঠতা থাকবে, সেখানেও তারা প্রয়োজনীয় সংখ্যার চেয়ে ১১টি ভোট পিছিয়ে থাকবেন। একইভাবে ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৯০টি ভোটের প্রয়োজন; অথচ পরবর্তী কংগ্রেসে ডেমোক্র্যাটরা সেখানে ২৫৭টি আসন পেয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও ডেমোক্র্যাটরা উভয় কক্ষে যুদ্ধ সংক্রান্ত ক্ষমতার ওপর ১৫টিরও বেশি ভোটাভুটির আয়োজন করতে সক্ষম হয়েছিলেন, তবে কোনোটিই পাস করাতে পারেননি।

সেপ্টেম্বর মাসে ট্রাম্পের কর্মকাণ্ডের সমালোচনা করার উদ্দেশ্যে প্রতিনিধি পরিষদের সাতজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছিলেন, যার ফলে প্রস্তাবটি ২২০-২০৪ ভোটে পাস হয়। তবে গত সপ্তাহে সিনেটের রিপাবলিকানরা ৫১-৪৮ ভোটে প্রস্তাবটি আটকে দেন।

রিপাবলিকানরা যুদ্ধের উচ্চ ব্যয়ের কথা স্বীকার করলেও তাদের যুক্তি হলো যুক্তরাষ্ট্রের উচিত ‘কাজটি সম্পন্ন করা’।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!