ডেইলি খবর ডেস্ক: ইরানকে ঘিরে সম্ভাব্য নতুন সামরিক পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর এ ধরনের প্রস্তুতির খবরে বৈশ্বিক বাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে।বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে স্বল্প সময়ের কিন্তু শক্তিশালী হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে। যার লক্ষ্য তেহরানের সঙ্গে চলমান অচলাবস্থা ভাঙা। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়। এ বিষয়ে হোয়াইট হাউস বা সেন্টকমের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ খবর প্রচার পেলে বৃহস্পতিবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলারের বেশি হয়েছে, যা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর সর্বোচ্চ।একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ২.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ ডলারের কাছাকাছি পৌঁছায়। বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির ব্রেন্টের দামও প্রায় ২ শতাংশ বেড়ে ১১৩ ডলারের আশপাশে ওঠে।
বিশ্লেষকদের মতে, ইরান নিয়ে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়া এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে, যা তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করছে।অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য এই পরিকল্পনায় অবকাঠামো লক্ষ্য করে হামলা এবং হরমুজ প্রণালির একটি অংশ নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ও থাকতে পারে। ফাইলছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :